ওটিটি দুনিয়ায় নতুন চমক নিয়ে হাজির হলো নেটফ্লিক্স। জনপ্রিয় এই স্ট্রিমিং প্ল্যাটফর্মে শিগগিরই দেখা যাবে জেমস বন্ড ফ্র্যাঞ্চাইজির বেশ কয়েকটি আলোচিত সিনেমা। অ্যামাজন এমজিএম স্টুডিওজের সঙ্গে একটি বিশেষ চুক্তির আওতায় আগামী জানুয়ারি থেকেই এসব সিনেমা নেটফ্লিক্সে স্ট্রিম হবে।
ভ্যারাইটি থেকে জানা যায়, অ্যামাজন প্রাইম ভিডিও ও নেটফ্লিক্স একে অপরের সরাসরি প্রতিদ্বন্দ্বী। তবে সাম্প্রতিক সময়ে কনটেন্ট বৈচিত্র্য, দর্শকপ্রিয়তা ও ব্যবসায়িক কৌশলের কারণে নেটফ্লিক্স স্ট্রিমিং প্রতিযোগিতায় এগিয়ে রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। আগামী ১৫ জানুয়ারি থেকে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানভাষী দেশগুলো, লাতিন আমেরিকা এবং আরও কয়েকটি অঞ্চলের নেটফ্লিক্স গ্রাহকেরা জেমস বন্ডের সিনেমাগুলো দেখতে পারবেন। তালিকায় রয়েছে সর্বশেষ বন্ড ফিল্ম ‘নো টাইম টু ডাই’, পাশাপাশি ‘ডাই অ্যানাদার ডে’, ‘কোয়ান্টাম অব সোলেস’ ও ‘স্কাইফল’। তবে চুক্তি অনুযায়ী, এসব সিনেমা মাত্র তিন মাসের জন্য নেটফ্লিক্সে উপলভ্য থাকবে।
জেমস বন্ডের পাশাপাশি অ্যামাজনের মালিকানাধীন আরও কিছু জনপ্রিয় কনটেন্টও নেটফ্লিক্সে আসছে। এর মধ্যে রয়েছে ‘রকি’ ও ‘ক্রিড’ সিরিজের নির্বাচিত সিনেমা এবং ‘লিগ্যালি ব্লন্ড’ ফ্র্যাঞ্চাইজির চলচ্চিত্রগুলো। এছাড়া অ্যামাজনের জনপ্রিয় সিরিজ ‘হান্টার্স’ ইতোমধ্যে কিছু অঞ্চলে নেটফ্লিক্সে প্রচার শুরু হয়েছে। ভবিষ্যতে ম্যান ইন দ্য হাই ক্যাসেলসহ আরও কয়েকটি সিরিজ যুক্ত হওয়ার সম্ভাবনাও রয়েছে।
পড়ুন: ওসমান হাদিকে হত্যা: তদন্তের অগ্রগতি জানাতে সমন্বিত সংবাদ সম্মেলন আজ
আর/


