মেহেরপুরের গাংনী উপজেলার ভাটপাড়া গ্রামে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, গাংনী উপজেলা শাখা। রোববার সন্ধ্যায় গাংনী উপজেলা জামায়াতের কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন গাংনী উপজেলা জামায়াতের আমির রবিউল ইসলাম। তিনি অভিযোগ করে বলেন, ভাটপাড়া গ্রামে পূর্বপরিকল্পিতভাবে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জামায়াতের শান্তিপূর্ণ কর্মসূচিতে অংশ নেওয়া কর্মীদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে জামায়াতের চারজন কর্মী গুরুতর আহত হন। পরে আহতদের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়।
রবিউল ইসলাম আরও বলেন, গণতান্ত্রিক পরিবেশে ভিন্ন মত ও রাজনৈতিক কর্মকাণ্ডে বাধা দেওয়া অনভিপ্রেত ও আইনবিরোধী। আমরা এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। তিনি প্রশাসনের প্রতি নিরপেক্ষ তদন্তের আহ্বান জানান এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মেহেরপুর-২ (গাংনী) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী নাজমুল হুদা। তিনি বলেন, রাজনৈতিক সহনশীলতা ও শান্তিপূর্ণ সহাবস্থানের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে। হামলা ও সহিংসতার রাজনীতি বন্ধ না হলে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে। তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনের কঠোর ভূমিকা প্রত্যাশা করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন গাংনী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা জাহাঙ্গীর আলম, গাংনী পৌর জামায়াতের আমির আহসানুল হক, উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি মোহাম্মদ আবু সায়েমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য, রোববার সকালে গাংনী উপজেলার ভাটপাড়া গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর চার কর্মীকে মারধর করে আহত করার অভিযোগ ওঠে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। ঘটনার পর এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় প্রশাসন নজরদারি জোরদার করে।
পড়ুন: নওগাঁয় মনোনয়নপত্র জমা দিলেন বিএনপির প্রার্থী
দেখুন: ছোলা বিরিয়ানি বিক্রি করে ঢাকায় বাড়ি কিনেছেন ইদ্রিস
ইম/


