উৎসবমুখর পরিবেশ ও বর্ণাঢ্য আয়োজনে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পিবিপ্রবি) পালিত হয়েছে ৫ম বিশ্ববিদ্যালয় দিবস। সোমবার (১৩ এপ্রিল ২০২৬) সকাল ৯টায় প্রশাসনিক ভবন প্রাঙ্গণে জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির সূচনা হয়।
পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম অতিথিদের সঙ্গে নিয়ে বেলুন উড়িয়ে ও কেক কেটে দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধন শেষে একটি আনন্দ র্যালি ক্যাম্পাস সংলগ্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রশাসনিক ভবনে এসে শেষ হয়। র্যালিতে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো ক্যাম্পাস প্রাণবন্ত হয়ে ওঠে।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের পঞ্চম বর্ষে পদার্পণ একটি গর্বের মুহূর্ত। তিনি শিক্ষার্থীদের যুগোপযোগী দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করে বলেন, প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে পাঠ্যবইয়ের পাশাপাশি যোগাযোগ দক্ষতা, কম্পিউটার ও ইন্টারনেট জ্ঞান বাড়াতে হবে। একই সঙ্গে তিনি শিক্ষকদের প্রতি গবেষণামুখী শিক্ষা কার্যক্রম জোরদারের আহ্বান জানান।
বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কার্যক্রম তুলে ধরে তিনি জানান, ৫০ বছর মেয়াদি একাডেমিক ও ক্যাম্পাস মাস্টারপ্ল্যান প্রণয়নের কাজ চলছে এবং স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য ফিজিবিলিটি স্টাডিও চলমান, যা আগামী ৩০ জুনের মধ্যে সম্পন্ন হওয়ার আশা করা হচ্ছে।
বিজ্ঞান অনুষদের ডিন ড. আকতার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, প্রেসক্লাব সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীমসহ স্থানীয় গণমাধ্যমকর্মী ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ।
বক্তারা বিশ্ববিদ্যালয়টিকে দক্ষিণাঞ্চলের শিক্ষা ও গবেষণার সম্ভাবনাময় কেন্দ্র হিসেবে উল্লেখ করে এর সার্বিক উন্নয়ন অগ্রযাত্রার প্রশংসা করেন। তারা আশা প্রকাশ করেন, এই প্রতিষ্ঠান ভবিষ্যতে পিরোজপুর জেলার শিক্ষা, গবেষণা ও সাংস্কৃতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
পড়ুন:নববর্ষে মেট্রোরেল চলাচল নিয়ে নতুন সিদ্ধান্ত
দেখুন:৫৫ বছর আগে বাংলাদেশে আসা বীর বাহাদুর অবশেষে ফিরে গেলেন
ইমি/


