মেহেরপুর শহরের শেখপাড়ায় খালাতো ভাই গোলাম হোসেন (৪৫) হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত কালু (৩৫) ও তার পরকীয়া প্রেমিকা বন্যা খাতুন (৩০)-কে আটক করেছে পুলিশ। বুধবার(৬ মে) সকালে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃত কালু মেহেরপুর শহরের শেখপাড়ার আকবর আলীর ছেলে এবং নিহত গোলাম হোসেনের খালাতো ভাই। অপরদিকে বন্যা খাতুন একই এলাকার রাজু আহমেদের স্ত্রী বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কালুর সঙ্গে প্রতিবেশী বন্যা খাতুনের পরকীয়া সম্পর্ককে কেন্দ্র করে এলাকায় আগে থেকেই উত্তেজনা বিরাজ করছিল। গত রবিবার একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গোলাম হোসেনকে মারধরের ঘটনাও ঘটে। পরে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা করা হলেও সেই বিরোধের জের ধরে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
ঘটনার পরপরই অভিযুক্ত কালু ও বন্যা খাতুন আত্মগোপনে চলে যায়। পরবর্তীতে তথ্য প্রযুক্তির সহায়তায় গাংনী উপজেলার কুলবাড়িয়া গ্রাম থেকে কালু ও বন্যা খাতুনকে গ্রেপ্তবর করে পুলিশ।
মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে বলে জানা গেছে।


