সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মৌলিক শিক্ষাগত দক্ষতা বাড়াতে বাংলা ও ইংরেজি পড়ায় বিশেষ জোর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি গণিতের চারটি মৌলিক নিয়ম, যোগ, বিয়োগ, গুণ ও ভাগ আয়ত্তে আনার ওপর গুরুত্ব আরোপ করেছে সরকার। এ লক্ষ্যে শিক্ষার্থীদের প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ পাঠ জোরে জোরে পড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ২৭ এপ্রিল ও ৫ মে দেশের সব জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াৎ হোসেন।
বৈঠকে তিনি তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বাংলা, ইংরেজি ও গণিত শিক্ষার ওপর জোর দেন। আগামী জুন মাসের মধ্যে এসব শ্রেণির শিক্ষার্থীদের বাংলা ও ইংরেজি সাবলীলভাবে পড়ার দক্ষতা ৯০ শতাংশে উন্নীত করা এবং জুলাইয়ের মধ্যে তা ১০০ শতাংশে নেওয়ার নির্দেশনা দেন।
সচিবের নির্দেশনা বাস্তবায়নে ইতিমধ্যে কয়েকটি জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের কাছে চিঠি পাঠানো হয়েছে। ঠাকুরগাঁও জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকেও এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা গেছে। চিঠিতে নির্দিষ্ট লক্ষ্যমাত্রা ঠিক করে দেওয়া হয়েছে।
চিঠিতে বলা হয়, জুনের মধ্যে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের বাংলা, চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের গণিতের চার নিয়ম এবং পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের ইংরেজি পড়ায় ৯০ শতাংশ দক্ষতা অর্জন নিশ্চিত করতে হবে। জুলাই মাসের মধ্যে এ দক্ষতা ১০০ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, তৃতীয় শ্রেণির বাংলা এবং পঞ্চম শ্রেণির ইংরেজি পাঠ্যবই থেকে প্রতিদিন ৫ পৃষ্ঠা করে শিক্ষার্থীদের জোরে জোরে পড়াতে হবে। পাশাপাশি চতুর্থ শ্রেণিতে গণিত বিষয়ে নির্দিষ্ট সময় ধরে যোগ, বিয়োগ, গুণ ও ভাগ শেখাতে হবে। এরপর নির্ধারিত পাঠ পরিচালনা করার কথা বলা হয়েছে।
চিঠিতে শিক্ষকদের সতর্ক করে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে কাঙ্ক্ষিত দক্ষতা অর্জনে ব্যর্থ হলে শিক্ষকদের বেতন-ভাতা বন্ধ করা হতে পারে। এ পরিস্থিতিতে প্রতিটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের পরিকল্পনা প্রণয়ন করে তা আগামী ১০ মের মধ্যে ছক আকারে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে জমা দিতে বলা হয়েছে।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

