নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, ফ্যাসিস্ট আমলে খেলাধুলাকে নির্বাসনে পাঠানো হয়েছিল। যুব সমাজকে মাদকে আসক্ত করে নিঃস্ব রাখা হয়েছিল, যেন তারা সরকারের বিরুদ্ধে কোনো আন্দোলন-সংগ্রামে যেতে না পারে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে ভাবছেন। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতাসহ বিভিন্নভাবে তিনি ক্রীড়াঙ্গনের প্রসারে কাজ করে যাচ্ছেন।
শুক্রবার (৮ মে) বিকেলে নারায়ণগঞ্জ বন্দর থানাধীন মুছাপুর ইউনিয়নের বারপাড়া এলাকায় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, খেলাধুলার জন্য নারায়ণগঞ্জ একটি ঐতিহ্যবাহী জেলা। এখানে মোমেন মুন্নাসহ অনেক নামকরা খেলোয়াড় আন্তর্জাতিকভাবে সুখ্যাতি অর্জন করেছেন। তাই আমি আজ ঘোষণা দিয়েছি, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অধীনে ফুটবলের জন্য ৫ জন ও ক্রিকেটের জন্য ৫ জন কোচ নিয়োগ দেওয়া হবে। পাশাপাশি বিভিন্ন স্থানে খেলার মাঠ বরাদ্দ করা হবে, যেন আগামীতে শিশু-কিশোররা খেলাধুলাকে পেশা হিসেবে নিতে পারে এবং ভবিষ্যতে জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্ব করে নারায়ণগঞ্জের পুরোনো ঐতিহ্য, যা ফ্যাসিস্ট আমলে ধ্বংস করে দেওয়া হয়েছিল, তা ফিরিয়ে আনতে পারে।
এ সময় তিনি ক্রীড়াঙ্গনে প্রয়াত আরাফাত রহমান কোকোর অবদান সম্পর্কে দীর্ঘ আলোচনা করেন।
আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও বন্দর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচকের বক্তব্য রাখেন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের কেন্দ্রীয় কমিটির সভাপতি আলমগীর হোসেন।
খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্য মেহেদী হাসান।
মুছাপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী নুরউদ্দিন আহমেদ, মুছাপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মঞ্জুর আলম, বিশিষ্ট সমাজসেবক হাজী আলী হোসেন, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাজ্জাদুজ্জামান সিরাজ জয়, নারায়ণগঞ্জ জেলা আহ্বায়ক সালাউদ্দিন মোল্লা, মহানগর আহ্বায়ক ফারুক হোসেন, সদস্য সচিব হুমায়ুন কবির ও বিএনপি নেতা নুর মোহাম্মদ পনেছ।
এছাড়াও উপস্থিত ছিলেন শাহনেওয়াজ, হাজী শাহাবুদ্দিন, আনোয়ার হোসেন, আহসানুল্লাহ, জসীমউদ্দীন, কবির হোসেন, শিপন মিয়া, মাসুদুর রহমান, অনিক হোসেন প্রমুখ।
খেলায় সাদা দলকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় লাল দল।
পড়ুন : শুভেচ্ছা সফরে ভারতীয় নৌবাহিনী জাহাজের চট্টগ্রামে আগমন


