দর্শকমহলে ব্যাপক আলোচিত ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’-এর মহা অন্তিম পর্ব অবশেষে চলেই এলো। জনপ্রিয় নির্মাতা মোহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত এই সিরিজটি মূলত পাকিস্তানি সিরিয়াল ‘কাভি মে কাভি তুম’ থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করা হয়।
পারিবারিক সম্পর্ক, ভালোবাসা, দ্বন্দ্ব এবং আবেগঘন মমত্ববোধকে কেন্দ্র করে গড়ে ওঠা এই নাটকটি শুরু থেকেই দর্শকদের মধ্যে আলাদা আগ্রহ তৈরি করেছিল। দীর্ঘ প্রায় সাত মাস ধরে চলা এই ধারাবাহিকের শেষ পর্ব প্রকাশ করা হয়েছে শুক্রবার (৮ মে), ইউটিউব চ্যানেল সিনেমাওয়ালায় বিশেষ ‘মেগা এপিসোড’ আকারে, যার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সমাপ্তি টানা হয়েছে সিরিজটির।
জানা গেছে, শেষ পর্বটি ছিল অন্য সব পর্বের তুলনায় একেবারেই আলাদা। যেখানে নিয়মিত পর্বগুলোর দৈর্ঘ্য ছিল প্রায় ২৫ মিনিট, সেখানে সমাপনী এপিসোডটি নির্মাণ করা হয়েছে প্রায় দেড় ঘণ্টা দীর্ঘ আয়োজনে। আগেই নির্মাতা মোহাম্মদ মোস্তফা কামাল রাজ জানিয়েছিলেন, দর্শকদের জন্য বিশেষ কিছু থাকছে শেষ পর্বে। সেই প্রতিশ্রুতিই বাস্তবায়ন করা হয়েছে এই মেগা এপিসোডে।
নাটকটির সমাপ্তি নিয়ে আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছেন নির্মাতা রাজ। তিনি বলেন, এটি ছিল তার স্বপ্নের একটি কাজ। দর্শকদের ভালোবাসা, চরিত্রগুলোর প্রতি আবেগ এবং পরিবার হিসেবে গ্রহণ করাটাই একজন নির্মাতার সবচেয়ে বড় প্রাপ্তি।
ইউটিউবে প্রকাশের পরপরই নাটকটি নিয়ে দর্শকদের উচ্ছ্বাস দেখা যায় সামাজিক যোগাযোগমাধ্যমে। প্রকাশের অল্প সময়ের মধ্যেই পর্বটির ভিউ কয়েক লাখ ছাড়িয়ে যায়। একই সঙ্গে মন্তব্যের ঘরেও ভক্তদের নানা প্রতিক্রিয়া, আবেগ ও আলোচনায় জমে ওঠে পরিবেশ।
দীর্ঘদিন ধরেই ধারাবাহিকটির শেষ পর্ব নিয়ে দর্শকদের মধ্যে কৌতূহল ছিল তুঙ্গে। গল্পের মোড়, চরিত্রগুলোর সম্পর্ক ও বিভিন্ন বিতর্ক নাটকটিকে নিয়মিত আলোচনায় রেখেছিল।
বাংলাদেশি পারিবারিক আবহ ও আবেগকে কেন্দ্র করে নির্মিত ‘এটা আমাদেরই গল্প’ দর্শকমহলে আলাদা জনপ্রিয়তা পায়। পারিবারিক সম্পর্কের টানাপোড়েন, ভালোবাসা, মান-অভিমান এবং বাস্তবধর্মী উপস্থাপনার কারণে সিরিজটি বহু দর্শকের হৃদয়ে জায়গা করে নেয়।
সিনেমাওয়ালার ব্যানারে নির্মিত এই নাটকে অভিনয় করেছেন খায়রুল বাসার, ইরফান সাজ্জাদ, কেয়া পায়েল, সুনেরাহ বিনতে কামাল, ইন্তেখাব দিনার, দীপা খন্দকার, মনিরা আক্তার মিঠু, নাদের চৌধুরী, শিল্পী সরকার অপু, ডিকন নূর ও মাহমুদুল ইসলাম মিঠুসহ আরও অনেকে।
এদিকে নাটকটির মতোই এর টাইটেল গানও দর্শকদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা পায়। গানটিতে কণ্ঠ দিয়েছেন আরফিন রুমি ও দোলা রহমান।
পড়ুন:পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী
দেখুন:আবারও যুদ্ধের ভাষায় কথা বলছেন ট্রাম্প
ইমি/


