নারায়ণগঞ্জের বন্দরে পেশাগত ঐক্য, মর্যাদা রক্ষা ও অভ্যন্তরীণ সমস্যার সমাধানের দাবিতে বন্দর থানা দলিল লেখক সমিতির সাধারণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ মে) সকাল ১১টায় বন্দর গাউছিয়া হাট সংলগ্ন অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রবীণ দলিল লেখক অলিউল্লাহ মেম্বারের সভাপতিত্বে এবং রমজান হোসেন রাজুর সঞ্চালনায় আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিনিয়র দলিল লেখক ও অ্যাডভোকেট মাজহারুল আলম খান পাবেল। এ সময় আরও উপস্থিত ছিলেন সিনিয়র সদস্য আবুল হোসেন সরকার, ইসমাঈল হোসেন, আবু বকর ছিদ্দিক, আজিজ দেওয়ান, শরিফ হোসেন চিশতী, সাংবাদিক ও দলিল লেখক মাহফুজ জাহিদসহ অনেকে।
মুক্ত আলোচনায় বক্তারা সমিতির বর্তমান পরিস্থিতি, সংগঠনের বিভক্তি এবং সদস্যদের অধিকার সংক্রান্ত বিভিন্ন বিষয় তুলে ধরেন। তারা অভিযোগ করেন, উৎসব ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা বণ্টনে বৈষম্য করা হচ্ছে। সমিতির মধ্যে দুটি পৃথক প্ল্যাটফর্ম গড়ে ওঠায় সাধারণ সদস্যরা ক্ষতির মুখে পড়ছেন বলেও দাবি করেন বক্তারা।
বক্তারা আরও বলেন, এই বিভক্তির সুযোগ নিয়ে কিছু অসাধু চক্র ফায়দা লুটছে। পেশার মর্যাদা রক্ষায় ‘এক্সট্রা মোহরার’ বা সহকারীদের অতিরিক্ত হস্তক্ষেপ বন্ধ করার আহ্বান জানানো হয়। তারা দ্রুত একটি সুষ্ঠু ও বৈষম্যহীন নির্বাচিত কমিটি গঠনের দাবি জানান এবং স্থানীয় সংসদ সদস্যের সহযোগিতায় সমিতির অচলাবস্থা নিরসনের আহ্বান করেন।
সভা শেষে প্রয়াত দলিল লেখকদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত সকলের মাঝে মধ্যাহ্নভোজ বিতরণ করা হয়।


