রাজশাহীর বাগমারা থানা পুলিশ চুরি হয়ে যাওয়া ১৪টি বৈদ্যুতিক মিটার উদ্ধারসহ ১ জনকে গ্রেফতার করেছে। জেলা পুলিশ সুপার অফিস এই তথ্য নিশ্চিত করেছেন।
শনিবার একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাবিনা ইয়াসমিন জানান, গত ৮ মে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন চড়িয়া মধ্যপাড়া গ্রাম হতে রাত ১১.২৫ টার সময় একজন চোরকে চুরি হওয়া ১৪ টি বৈদ্যুতিক মিটার ও মোবাইল ফোনসহ গ্রেফতার করেছে রাজশাহী জেলার বাগমারা থানা পুলিশ। অভিযুক্তের নাম মোঃ রাশিদ হাসান (২৪), সে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার চড়িয়া মধ্যপাড়া গ্রামের মোঃ ইউসুফ আলীর ছেলে।
পুলিশের তথ্যমতে জানা যায়, গ্রেফতারকৃত অভিযুক্ত জেলার বাগমারা থানাধীন বিভিন্ন এলাকা থেকে দীর্ঘদিন যাবৎ পরিকল্পিতভাবে ডিপ টিউবওয়েলের বৈদ্যুতিক মিটার চুরি করে। পরবর্তিতে অভিযুক্ত ঘটনাস্থলে মোবাইল নম্বর সম্বলিত চিরকুট রেখে মিটার মালিকদের সঙ্গে যোগাযোগ করতো। পরে সে প্রতি মিটারের জন্য ০৭ হাজার টাকা চাঁদা দাবি করতো। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা গ্রহণের পর মিটারের অবস্থান জানিয়ে দিত।
মিটার চুরির ঘটনায় মোয়াজ্জেম হোসেন বাদী হয়ে বাগমারা থানায় মামলা দায়ের করেন। মামালার সূত্রমতে গোদাগাড়ী থানা পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা শুরু করে। সেই তথ্যমতে অভিযুক্তকে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন চড়িয়া মধ্যপাড়া গ্রাম গ্রেফতার করে। পরে অভিযুক্তর তথ্য অনুযায়ী বিভিন্ন স্থান হতে চুরি হওয়া ১৪টি বৈদ্যুতিক মিটার উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় অভিযুক্তকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
পড়ুন : মেধাকে বিকশিত ও প্রকাশিত করার জন্য খেলাধুলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান জরুরি: ভূমিমন্ত্রী


