যুক্তরাজ্যের কেলিডোনিয়ান ওয়ার্ডে অনুষ্ঠিত স্থানীয় কাউন্সিলর নির্বাচনে লেবার পার্টির মনোনীত প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছেন হবিগঞ্জ জেলার সদর উপজেলার নিজামপুর ইউনিয়নের নিজামপুর গ্রামের কৃতি সন্তান অলিউর রহমান শাহিন। তার এ সাফল্যে প্রবাসী বাংলাদেশিসহ নিজামপুর ইউনিয়নের সর্বস্তরের মানুষের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে।
জানা গেছে, অলিউর রহমান দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে কমিউনিটি উন্নয়ন, মানবসেবা ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে কাজ করে আসছেন। জনসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তিনি ২০২১ সালে রানীর পক্ষ থেকে প্রদত্ত মর্যাদাপূর্ণ ‘ব্রিটিশ এম্পায়ার মেডেল’ (BEM) সম্মাননা অর্জন করেন, যা যুক্তরাজ্যের অন্যতম সর্বোচ্চ সম্মানজনক স্বীকৃতি হিসেবে বিবেচিত।
এলাকাবাসী জানান, নিজামপুর গ্রামের একজন সন্তান আন্তর্জাতিক পরিমণ্ডলে জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ায় এটি শুধু পরিবারের নয়, পুরো হবিগঞ্জবাসীর জন্য গর্বের বিষয়। তারা আশা প্রকাশ করেন, অলিউর রহমান শাহিন নতুন দায়িত্বে থেকে জনকল্যাণমূলক কর্মকাণ্ড আরও বেগবান করবেন এবং প্রবাসী বাংলাদেশি কমিউনিটির অধিকার আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
এদিকে অলিউর রহমানের পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে, যাতে তিনি সততা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে তার দায়িত্ব পালন করতে পারেন।
পড়ুন : নতুন কুঁড়ি স্পোর্টসে চট্টগ্রাম জেলায় বালিকা ফুটবলে চ্যাম্পিয়ন পটিয়া উপজেলা


