সম্প্রতি পুলিশ পদকের প্রজ্ঞাপন জারি সংক্রান্ত বিষয়ে বাংলাদেশ পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তাকে উদ্ধৃত করে ‘রাষ্ট্রপতি বিদেশ যাওয়ায় পুলিশ পদকের জিও করা সম্ভব হয়নি’ মর্মে যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা সঠিক নয় বলে জানানো হয়েছে।
রোববার (১০ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পুলিশ সদর দপ্তর।
পুলিশ সদরদপ্তর জানায়, বাংলাদেশ পুলিশের কোনো দায়িত্বশীল কর্মকর্তা এ ধরনের বক্তব্য প্রদান করেননি। সংশ্লিষ্ট প্রতিবেদনে ওই পুলিশ কর্মকর্তাকে উদ্ধৃত করে প্রকাশিত বক্তব্য ভিত্তিহীন ও বিভ্রান্তিকর। প্রকৃতপক্ষে, পুলিশ পদকের প্রজ্ঞাপন জারি সংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় প্রশাসনিক ও প্রক্রিয়াগত কার্যক্রম চলমান রয়েছে।
পুলিশ সদরদপ্তর আরও জানায়, এ সম্পর্কে আনুষ্ঠানিক সিদ্ধান্ত বা প্রজ্ঞাপন জারির পূর্বে কোনো কর্মকর্তাকে উদ্ধৃত করে এ ধরনের অনুমাননির্ভর বক্তব্য প্রচার জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। এ বিষয়ে গণমাধ্যমকে যথাযথ তথ্য যাচাই করে সংবাদ প্রকাশের অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, আজ রোববার (১০ মে) থেকে শুরু হয়েছে পুলিশ সপ্তাহ-২০২৬। এবারের বর্ণাঢ্য আয়োজনে বড় ধাক্কা হিসেবে দেখা দিয়েছে পদকের প্রজ্ঞাপন এখনো জারি না হওয়া।
খোঁজ নিয়ে জানা গেছে, পদক প্রদান অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে। পুলিশ সপ্তাহ শেষে সুবিধাজনক কোনো এক দিনে এই অনুষ্ঠানের নতুন করে আয়োজন করা হবে।
আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ—এই প্রতিপাদ্যে চার দিনব্যাপী (১০-১৩ মে) উদযাপিত হচ্ছে এবারের পুলিশ সপ্তাহ।
রোববার (১০ মে) সকালে রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে বার্ষিক পুলিশ প্যারেডের মধ্য দিয়ে পুলিশ সপ্তাহ শুরু হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান পুলিশের বিভিন্ন কন্টিনজেন্ট ও পতাকাবাহী দলের সুশৃঙ্খল, দৃষ্টিনন্দন ও বর্ণিল প্যারেড পরিদর্শন এবং অভিবাদন গ্রহণ করেন। তিনি পুলিশ সদস্যদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক ভাষণ প্রদান করেন।
এবার শেষ মুহূর্তে পুলিশ সপ্তাহের শিডিউল থেকে বাদ দেওয়া হয়েছে পদক প্রদান অনুষ্ঠান। বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপস) খন্দকার রফিকুল ইসলাম।
তিনি জানান, এবার পুলিশ সপ্তাহে থাকছে না অন্যতম আকর্ষণ ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)’ ও ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)’ প্রদান অনুষ্ঠান।
খন্দকার রফিকুল ইসলাম বলেন, ‘১০৯টি পদক দেওয়ার প্রস্তাব ছিল, যা স্থগিত করা হয়েছে। পুলিশ সপ্তাহ পরবর্তী কোনো সুবিধাজনক সময়ে এগুলো দেওয়া হবে।’
পড়ুন : আর কোন স্বৈরাচারী যেন জনগণের বিরুদ্ধে পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী


