বিজ্ঞাপন

মুখে টর্চলাইট মেরে জামায়াত কর্মীকে গুলি

নোয়াখালীর বেগমগঞ্জে দুর্বৃত্তদের গুলিতে মাইনুল ইসলাম মাহিন (২৫) নামে এক জামায়াত কর্মী আহত হয়েছেন। গুরুতর অবস্থায় তাকে প্রথমে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়।

বিজ্ঞাপন

রোববার (১০ মে) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার আমানউল্লাহপুর ইউনিয়নের আইয়ুবপুর গ্রামের ছাদু নেতার বাড়ি সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। আহত মাহিন ওই গ্রামের আবুল হোসেনের ছেলে। তিনি স্থানীয়ভাবে জামায়াতের কর্মী হিসেবে পরিচিত।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১১টার দিকে মাহিন বাড়ির সামনে বন্ধুদের সঙ্গে কথা বলছিলেন। এ সময় সিএনজিচালিত একটি অটোরিকশায় মুখ ঢাকা অবস্থায় ৪–৫ জন আসে। তারা টর্চলাইট দিয়ে লক্ষ্য করে তাকে গুলি ছোড়ে। প্রথম গুলি তার পায়ে লাগে। তিনি মাটিতে পড়ে গেলে আরও একটি গুলি করা হয়। এরপর হামলাকারীরা দ্রুত সেখান থেকে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী শাইখুল আরেফিন শিহাব বলেন, “আমরা রাস্তায় দাঁড়িয়ে কথা বলছিলাম। হঠাৎ কয়েকজন সিএনজিতে এসে তাকে লক্ষ্য করে গুলি করে দ্রুত চলে যায়। তাদের মুখ কাপড় দিয়ে ঢাকা ছিল।”

বেগমগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আবদুর রহিম বলেন, অজ্ঞাত কয়েকজন সিএনজি অটোরিকশায় এসে তাদের কর্মী মাহিনকে গুলি করে পালিয়ে যায়। এটি রাজনৈতিক প্রতিহিংসার ঘটনা হতে পারে বলে তারা প্রাথমিকভাবে ধারণা করছেন।

২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. হাসান আল মুলক জানান, গুলিবিদ্ধ অবস্থায় একজনকে হাসপাতালে আনা হয়। তার অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বেগমগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান জানান, আমানউল্লাহপুরে একজন গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা এ ঘটনায় জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

পড়ুন: ইঞ্জিন সংকটে রেলওয়ে: নিয়মিত ট্রেন বিলম্ব, যান্ত্রিক ত্রুটিতে যাত্রীদের ভোগান্তি

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন