লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধবলগুড়ি সীমান্তে বাংলাদেশি মালিকানাধীন গরু নিয়ে যাওয়ার চেষ্টাকে কেন্দ্র করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও স্থানীয় গ্রামবাসীদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (১২ মে) সকালে উপজেলার জোংড়া ইউনিয়নের ধবলগুড়ি সীমান্তের ৮৭৩ ও ৮৭৪ নম্বর মেইন পিলার এলাকায় এ ঘটনা ঘটে। পরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে জোংড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ধবলগুড়ি সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার ৮৭৩ সংলগ্ন এলাকায় কয়েকটি গরু চরছিল। এ সময় বিএসএফের কয়েকজন সদস্য সেখানে গিয়ে ঘাস কাটতে থাকা দুই নারীকে বাধা দেন এবং তাদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান। একপর্যায়ে তারা গরুগুলোর দড়ি খুলে ভারতের অভ্যন্তরে নিয়ে যাওয়ার চেষ্টা করে বলে অভিযোগ ওঠে।
এ সময় ওই নারীদের চিৎকার শুনে গরুর মালিকসহ স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে এসে বাধা দেন। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিএসএফ সদস্য ও ভারতীয় কয়েকজন নাগরিক লাঠিসোঁটা নিয়ে জিরো পয়েন্ট এলাকায় অবস্থান নেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, একপর্যায়ে বিএসএফ সদস্যরা অস্ত্র উঁচিয়ে বাংলাদেশিদের দিকে এগিয়ে আসার চেষ্টা করলে সীমান্তে উভয় পক্ষের মধ্যে মুখোমুখি অবস্থান তৈরি হয়। খবর পেয়ে ধবলগুড়ি ক্যাম্পের বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের শান্ত করেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন।
বিজিবির কঠোর অবস্থানের মুখে শেষ পর্যন্ত বিএসএফ সদস্য ও ভারতীয় নাগরিকরা ভারতের অভ্যন্তরে ফিরে যায়। বর্তমানে সীমান্ত এলাকায় পরিস্থিতি শান্ত রয়েছে।


