পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিটের রিঅ্যাক্টর কোরে সফলভাবে পারমাণবিক জ্বালানি লোডিং সম্পন্ন হয়েছে। এর মধ্য দিয়ে ইউনিটটির কমিশনিং ও বাণিজ্যিক বিদ্যুৎ উৎপাদনের পথে গুরুত্বপূর্ণ একটি মাইলফলক অর্জিত হলো।
চলতি বছরের ২৮ এপ্রিল জ্বালানি লোডিং কার্যক্রম শুরু হওয়ার পর ধাপে ধাপে রিঅ্যাক্টর কোরে মোট ১৬৩টি জ্বালানি অ্যাসেম্বলি স্থাপন করা হয়। বিদ্যুৎ উৎপাদন শুরুর আগে এটিকে অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
মঙ্গলবার (১২ মে) রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রসাটম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে রূপপুর প্রকল্পের পরিচালক ও এটমস্ট্রয় এক্সপোর্টের ভাইস প্রেসিডেন্ট আলেক্সি ডেইরি বলেন, আন্তর্জাতিক পারমাণবিক নিরাপত্তা মানদণ্ড ও পরিচালনাগত বিধিমালা কঠোরভাবে অনুসরণ করে প্রাথমিক কোর লোডিং কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।
তিনি জানান, পরবর্তী ধাপে রিঅ্যাক্টরের উপরের অংশ স্থাপন এবং প্রয়োজনীয় ইন-কোর ইনস্ট্রুমেন্টেশন সিস্টেম সংযুক্ত করা হবে। এরপর প্রযুক্তিগত ব্যবস্থার নির্ভরযোগ্যতা ও নিরাপদ কার্যক্রম নিশ্চিত করতে শত শত অতিরিক্ত পরীক্ষা পরিচালনা করা হবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শিগগিরই রিঅ্যাক্টরকে ন্যূনতম নিয়ন্ত্রণযোগ্য বিদ্যুৎ উৎপাদন পর্যায়ে নেওয়া হবে এবং ধাপে ধাপে এর উৎপাদন ক্ষমতা বাড়ানো হবে। এসব কার্যক্রম প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু এবং পরীক্ষামূলক বাণিজ্যিক পরিচালনার পথ সুগম করবে।
পড়ুন: যুক্তরাজ্যে একদিনে ৪ মন্ত্রীর পদত্যাগ, স্টারমারের পাশে ১১০ লেবার এমপি
আর/


