ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসবে বুধবার মধ্যরাতটা যেন পুরোপুরি দখল করে নিয়েছিল ‘দ্য ফাস্ট অ্যান্ড দ্য ফিউরিয়াস’। জনপ্রিয় এই চলচ্চিত্র সিরিজের ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বিশেষ প্রদর্শনীতে হাজির হন ভিন ডিজেলসহ মূল অভিনয়শিল্পীরা। আর তাদের ঘিরে কান উৎসবে তৈরি হয় ব্যাপক উন্মাদনা।
৭৯তম কান চলচ্চিত্র উৎসবের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে অনুষ্ঠিত এই প্রদর্শনীকে ঘিরে সন্ধ্যা থেকেই ভিড় জমাতে শুরু করেন দর্শক ও ভক্তরা। লালগালিচায় নামার পর ভিন ডিজেলকে ঘিরে শুরু হয় চিৎকার আর উচ্ছ্বাস। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করা ভক্তদের সঙ্গে সেলফি তুলতে দেখা যায় তাকে।
এদিন কালো রঙের ঝলমলে জ্যাকেট পরে হাজির হন ভিন ডিজেল। জ্যাকেটের পেছনে রেসিং কারের নকশার সঙ্গে সিকুইন দিয়ে লেখা ছিল ‘ফাস্ট ফরএভার’। জানা গেছে, এই নামেই ২০২৮ সালে মুক্তি পাবে সিরিজটির পরবর্তী ও শেষ কিস্তি।
ভিন ডিজেলের সঙ্গে লালগালিচায় ছিলেন জর্ডানা ব্রিউস্টার, মিশেল রদ্রিগেজ, প্রযোজক নিল এইচ মরিটজ, ইউনিভার্সাল স্টুডিওর চেয়ারম্যান ডোনা ল্যাংলি এবং প্রয়াত অভিনেতা পল ওয়াকারের মেয়ে মিডো ওয়াকার।
২০০১ সালে মুক্তি পাওয়া *দ্য ফাস্ট অ্যান্ড দ্য ফিউরিয়াস* সিনেমাটি স্ট্রিট রেসিংকে কেন্দ্র করে নির্মিত হয়েছিল। সেই সিনেমার সাফল্য থেকেই শুরু হয় হলিউডের অন্যতম জনপ্রিয় অ্যাকশন ফ্র্যাঞ্চাইজির যাত্রা। এরপর নির্মিত হয়েছে নয়টি সিক্যুয়েল এবং একটি স্পিন-অফ চলচ্চিত্র ‘হবস অ্যান্ড শ’। এখন পর্যন্ত বিশ্বব্যাপী এই সিরিজের আয় সাত বিলিয়ন ডলারেরও বেশি।
২০১৩ সালে ক্যালিফোর্নিয়ায় এক ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় মারা যান পল ওয়াকার। এবারের আয়োজনে তাকে প্রতিনিধিত্ব করেন তার একমাত্র মেয়ে মিডো ওয়াকার। উল্লেখ্য, *ফাস্ট এক্স* সিনেমায় ছোট একটি চরিত্রেও দেখা গিয়েছিল তাকে।
বিশেষ প্রদর্শনীর আগে দর্শকদের উদ্দেশে বক্তব্য দেন ভিন ডিজেল। তিনি জানান, কান উৎসবের পরিচালক থিয়েরি ফ্রেমো এই সিনেমাকে ‘ক্লাসিক’ বলে উল্লেখ করেছেন। এ প্রসঙ্গে ডিজেল বলেন,
“বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসবের প্রধান, যেখানে পৃথিবীর সব শিল্পী স্বীকৃতি আর সম্মান পেতে চান, তিনি ২৫ বছর আগে নির্মিত আমাদের সিনেমাকে ক্লাসিক বলছেন—এটা কতটা গভীর ব্যাপার!
এরপর আবেগঘন কণ্ঠে তিনি আরও বলেন, ‘এটা শুধু একটি সিনেমা নয়, আমাদের জীবনের অংশ।’
জানা গেছে, ২০২৮ সালে মুক্তি পেতে যাওয়া ‘ফাস্ট ফরএভার’সিনেমায় ফিরবেন মূল অভিনয়শিল্পীদের অনেকেই। পাশাপাশি থাকবেন ডোয়াইন জনসন ও জেসন স্ট্যাথামও।
এদিকে ভিন ডিজেল সম্প্রতি জানিয়েছেন, ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ঘিরে নতুন চারটি টেলিভিশন সিরিজ তৈরির কাজ চলছে। যদিও পরে এনবিসিইউনিভার্সালের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একটি সিরিজের কথা উল্লেখ করা হয়।
পড়ুন:শেফালীর মৃত্যু নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন স্বামী
দেখুন:অক্টোপাস ‘পল’ থেকে জাদুকরদের ভবিষ্যদ্বাণী-বিশ্বকাপের সবচেয়ে পাগলাটে গল্প |
ইমি/


