ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মালবাহী ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী দুই প্রবাসী নিহত হয়েছেন। শুক্রবার (১৫ মে) বিকেল ৪টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের আলকাছ মিয়ার ছেলে জিয়াউল আমীন (২৫) এবং শাহেদ আলীর ছেলে শাহ আলম (৩০)।
পারিবারিক সূত্রে জানা গেছে, জিয়াউল আমীন সৌদি আরব এবং শাহ আলম সংযুক্ত আরব আমিরাত প্রবাসী ছিলেন। তারা দীর্ঘদিন আগে দেশে ফিরেছেন।
সরাইল খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের জানান, জিয়াউল আমীন ও শাহ আলম মোটরসাইকেলে করে আশুগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর এলাকায় পৌঁছালে সিলেটগামী একটি মালবাহী ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। দুর্ঘটনায় মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়।
তিনি আরও জানান, ঘাতক ট্রাকটি পুলিশ আটক করেছে। নিহতদের মরদেহ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

