আজ কুমিল্লায় আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চাঁদপুরের একটি অনুষ্ঠানে যোগদানের পথে বরুড়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে প্রশাসন ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। প্রস্তুত করা হয়েছে পথসভার মঞ্চও। এদিন সকাল থেকেই সভাস্থল পরিদর্শনের পাশাপাশি সার্বিক নিরাপত্তা নিশ্চিতে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) ইতোমধ্যে কঠোর নজরদারি শুরু করছে। তার আগমন ঘিরে কুমিল্লা নামে বিভাগের প্রত্যাশা করছেন নেতাকর্মীরা।
আজ শনিবার (১৬ মে) চাঁদপুর সফরে যাওয়ার পথে বরুড়ায় একটি পথসভায় বক্তব্য দেয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। কুমিল্লা-চাঁদপুর সড়কের পাশে লক্ষ্মীপুর বাজার খেলার মাঠে বেলা ১১টায় এ পথসভা অনুষ্ঠিত হয়।
চাঁদপুর সফরে প্রধানমন্ত্রীর খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন, ফ্যামিলি কার্ড বিতরণ ও জনসভাসহ একাধিক কর্মসূচি রয়েছে। ওই সফরের অংশ হিসেবেই বরুড়ায় এই সংক্ষিপ্ত পথসভা করবেন তিনি।
এদিকে শুক্রবার কুমিল্লায় গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন বলেছেন, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ইতোমধ্যে সভাস্থল ও আশপাশের এলাকায় প্রস্তুতি জোরদার করা হয়েছে। মাঠ পরিচর্যা, প্যান্ডেল নির্মাণ ও সড়কের সৌন্দর্য বর্ধনের কাজ চলছে পুরোদমে।
তিনি বলেন, এর আগে ২০০১ সালে তিনি বরুড়ায় এসেছিলেন। এবার ২৫ বছর পর বরুড়ায় তিনি আসছেন। কুমিল্লার মানুষের প্রত্যাশা কুমিল্লার মানুষ কুমিল্লা নামে বিভাগ চায়।
এ বিষয়ে কুমিল্লার জেলা প্রশাসক মুহম্মদ রেজা হাসান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে সভাস্থল পরিদর্শন করেছি। এসএসএফের সঙ্গেও বৈঠক হয়েছে। সুন্দর ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠান সম্পন্ন।


