নারায়ণগঞ্জের রামনগরে একটি খামারে এখন মানুষের কৌতূহলের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে বিশাল আকৃতির ষাঁড় “হিরা মানিক”। প্রায় ২৫ মণ ওজন, ৫ ফুট ৬ ইঞ্চি উচ্চতা ও ৯ ফুট ৯ ইঞ্চি দৈর্ঘ্যের ফ্রিজিয়ান ক্রস জাতের এই গরুটিকে এক নজর দেখতে প্রতিদিনই ভিড় করছেন স্থানীয়রা। খামারি মনির হোসেন আশা করছেন, আসন্ন কোরবানির ঈদে “হিরা মানিক” বিক্রি হবে ১২ থেকে ১৩ লাখ টাকায়।
মনির হোসেন জানান, মূলত দুধ উৎপাদনের জন্য গাভির প্রসব কাজে ব্যবহার করতে দুই বছর আগে ষাঁড়টি কেনেন তিনি। পরে গরুটির প্রতি আলাদা মায়া জন্ম নেয়। সেই ভালোবাসা থেকেই আদর করে নাম রাখেন “হিরা মানিক”।
তিনি বলেন, “ও শুধু একটা গরু না, আমাদের পরিবারের সদস্যের মতো। বাচ্চারাও ওর সামনে যায়, আদর করে। পরিচিত মানুষের সামনে খুব শান্ত থাকে, তবে মাঝে মাঝে একটু রেগেও যায়।”
মনির হোসেন জানান, গাভিদের জন্য যে খাবার প্রস্তুত করা হয়, সেটাই খাওয়ানো হয় এই ষাঁড়টিকে। পাশাপাশি দেওয়া হয় ভুট্টার ফাঁকি। সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে গরুটি লালন-পালন করা হয়েছে বলেও দাবি তার।
তিনি আরও জানান, ইতোমধ্যে অনেক ক্রেতাই বিভিন্ন দাম প্রস্তাব করেছেন। তবে কাঙ্ক্ষিত মূল্য না পেলে কোরবানির হাটে তোলা হবে।
খামারি মনির হোসেন বলেন, “ছোট থেকেই গরু পালন করছি। খামার শুধু ব্যবসা না, এটা আমার ভালোবাসার জায়গা।”
আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে তিনি বলেন, দেশীয় খামারিদের উৎসাহ দিতে সবার উচিত স্থানীয়ভাবে পালন করা সুস্থ ও প্রাকৃতিক উপায়ে বড় করা পশু কোরবানির জন্য কেনা। এতে যেমন নিরাপদ মাংস নিশ্চিত হবে, তেমনি দেশীয় খামারিরাও উৎসাহ পাবে।
পড়ুন- আগামী জুনে যে বাজেট, সেখানে ফ্যামিলি কার্ডের জন্য অনেক বরাদ্দ রয়েছে : প্রধানমন্ত্রী


