ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার হয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমেদ।
রাষ্ট্রপতির আদেশক্রমে রোববার (১৭ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে সই করেন মন্ত্রণালয়ের উপ-সচিব তৌহিদ আহমেদ।
মন্ত্রণালয়ের উপসচিব তৌহিদ আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, বিসিএস (পুলিশ) ক্যাডারের এই কর্মকর্তাকে তার বর্তমান কর্মস্থল অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর অতিরিক্ত আইজিপি পদ থেকে বদলি করে ডিএমপির কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।
জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
প্রায় দুই মাস ধরে ডিএমপি কমিশনার পদটি শূন্য ছিল। সাবেক কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর পদত্যাগের পর অতিরিক্ত কমিশনার মো. সরোয়ার ভারপ্রাপ্ত কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তবে সরকারি চাকরির মেয়াদ পূর্ণ হওয়ায় গত ১৪ মে তিনি অবসরে যান।
নতুন ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ ১৯৯৫ সালে ১৫তম বিসিএসের মাধ্যমে পুলিশ ক্যাডারে যোগ দেন। চাকরি জীবনে তিনি ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পাশাপাশি কুষ্টিয়া, ভোলা ও শেরপুর জেলার পুলিশ সুপার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এছাড়া জাতিসংঘ শান্তিরক্ষা মিশন UNAMID-এও দায়িত্ব পালন করেন তিনি।
২০২৪ সালের ২৪ অক্টোবর ডিআইজি (হেডকোয়ার্টার) পদ থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হন মোসলেহ উদ্দিন আহমেদ। সবশেষ তিনি সিআইডি প্রধান হিসেবে কর্মরত ছিলেন। এর আগে পুলিশ সদর দপ্তরে অতিরিক্ত আইজিপি (লজিস্টিকস) পদেও দায়িত্ব পালন করেন মোসলেহ উদ্দিন।
পড়ুন : ড. ইউনূসসহ সব উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট


