বিজ্ঞাপন

সিলিন্ডার কেটে ভেতরে মদের চালান! নেত্রকোনায় পুলিশের জালে চোরাকারবারি

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে নিত্যনতুন ও অবিশ্বাস্য সব কৌশল অবলম্বন করছে চোরাকারবারিরা। তবে শেষ রক্ষা হলো না। নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় অভিনব কায়দায় গ্যাস সিলিন্ডার ও চালের বস্তার ভেতরে লুকিয়ে ভারতীয় মদ পাচারের সময় নাসিরউদ্দিন (২২) নামে এক যুবককে হাতেনাতে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে আমদানি নিষিদ্ধ ভারতীয় মদ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

আটককৃত নাসিরউদ্দিন উপজেলার লেংঙ্গুরা ইউনিয়নের গৌরীপুর গ্রামের মো. শাজাহানের ছেলে।

সোমবার (১৮ মে) সকালে উপজেলার লেংঙ্গুরা ইউনিয়নের গৌরীপুর এলাকার জোড়া ব্রিজের ওপর কলমাকান্দা থানা পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।

জানা যায়, চোরাচালানের জন্য একটি লাল রঙের রান্নার গ্যাস সিলিন্ডার ব্যবহার করা হয়েছিল। সিলিন্ডারটির নিচের অংশ অত্যন্ত নিখুঁতভাবে চারকোণা করে কাটা হয়। সেই কাটা অংশ দিয়ে সিলিন্ডারের ভেতরে তুষ/কুঁড়ো ভর্তি করে তার মাঝখানে বোতলগুলো সাজিয়ে রাখা হয়েছিল, যাতে বাইরে থেকে ঝাঁকুনি দিলেও কোনো শব্দ না হয়।

পরবর্তীতে পুরো সিলিন্ডারটিকে একটি প্লাস্টিকের চালের বস্তার ভেতর ঢুকিয়ে সাধারণ চালের বস্তা হিসেবে পরিবহন করে পাচারের পরিকল্পনা করা হয়েছিল।

কলমাকান্দা থানা পুলিশ জানায়, লেংঙ্গুরা ইউনিয়ন দিয়ে অভিনব কায়দায় বিদেশি মদের চালান পাচার হচ্ছে- এমন গোপন সংবাদ আসে পুলিশের কাছে। এ তথ্যের ভিত্তিতে কলমাকান্দা থানার ওসি আবুল হাসেমের নির্দেশনায় এসআই ফেরদৌস আলমের নেতৃত্বে পুলিশের একটি দল গৌরীপুর জোড়া ব্রিজ এলাকায় অবস্থান নেয়।

সকালে সন্দেহভাজন যুবক নাসিরউদ্দিনকে চালের বস্তাসহ আটক করা হয়। পরবর্তীতে থানার ভেতর সিলিন্ডারের ভেতর থেকে একে একে ৪৮ বোতল ভারতীয় ‘ব্ল্যাক’ (Black)সহ অন্যান্য ব্র্যান্ডের মদ উদ্ধার করা হয়।

এ বিষয়ে কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসেম বলেন, “মাদক পাচার ও সীমান্ত চোরাচালান রোধে কলমাকান্দা থানা পুলিশ সর্বদা তৎপর। চোরাকারবারিরা পার পাওয়ার জন্য অভিনব কৌশল নিয়েছিল। গোপন নজরদারি ও অভিযানের কারণে তা ব্যর্থ হয়েছে। সীমান্তবর্তী এলাকায় পুলিশি টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স।”

তিনি আরও জানান, উদ্ধারকৃত সকল বিদেশি মদ ও পাচারে ব্যবহৃত সিলিন্ডার জব্দ করা হয়েছে। আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়াধীন রয়েছে এবং পরবর্তীতে তাকে আদালতে সোপর্দ করা হবে।

পড়ুন:কারিনা কায়সারের মরদেহ ঢাকায় পৌঁছেছে

দেখুন:যুক্তরাষ্ট্রের পর এবার ইরানের নজর পশ্চিমাদের দিকে?

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন