ঢাকার দোহার উপজেলায় ‘আমিষেই শক্তি, আমিষেই মুুক্তি’ এই স্লোগানে ১২০ পরিবারের সুফলভোগীদের মাঝে প্রাণি বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি বিভাগের আয়োজনে নদী বিধৌত চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে বিশ পরিবারের মাঝে বকনা বাছুর ও একশ সুফলভোগী পরিবারের মাঝে মুরগী বিতরণ করা হয়। সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর আর্থিক স্বাবলম্বিতা অর্জনের সুযোগ সৃষ্টি হবে বলে জানান কর্মকর্তারা।
অনুষ্ঠানে দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাঈদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য খোন্দকার আবু আশফাক।
এ সময় আবু আশফাক বলেন, সরকার আপনাদের গ্রাম, ইউনিয়ন পর্যায়ে কৃষকদের স্বাবলম্বী করার উদ্যোগ নিয়েছে। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য আপনারা দোয়া করবেন। তিনি যেন গ্রামের কৃষকদের ও প্রতিটি সুফলভোগী পরিবারকে স্বাবলম্বী করতে পারে। ইতিমধ্যে অনেক প্রকল্প তিনি হাতে নিয়েছে সে প্রকল্পগুলো যেন বাস্তবায়ন করতে পারে । এ ধরনের উদ্যোগ প্রান্তিক জনগোষ্ঠীর পুষ্টি চাহিদা পাশাপাশি তাদের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
দোহার উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. শামীম হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নদী বিধৌত চরাঞ্চলে সমম্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প পরিচালক ডা. মো. আব্দুর রহিম, দোহার থানার অফিসার ইনচার্জ আবু বক্কর সিদ্দিক, উপজেলা প্রকৌশলী রাজু আলম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. নিয়াজ আহমেদ মিঠুন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুস সাত্তার, উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম মেছের, সাধারণ সম্পাদক মো. মাসুদ পারভেজ, সাংগঠনিক সম্পাদক সেন্টু ভুইয়া, দোহার পৌরসভা বিএনপির সভাপতি এসএম কুদ্দুস, ঢাকা জেলা মহিলা দলের সভাপতি শামীমা রাহীম শিলাসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি, উপজেলা কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুফলভোগীরা।


