টানা কয়েক দিনের তীব্র তাপদাহের পর অবশেষে মেহেরপুরে নেমে এলো কালবৈশাখী ঝড় ও বৃষ্টি। আজ সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে জেলার বিভিন্ন এলাকায় ঘন মেঘের সঙ্গে শুরু হয় ঝড়ো হাওয়া ও বৃষ্টি। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বিকেল ৪টার দিকে জেলার কিছু এলাকায় হঠাৎ ফোঁটা ফোঁটা বৃষ্টি শুরু হয়। পরে বিকেল সাড়ে ৪টা থেকে ৫টার মধ্যে জেলার বিভিন্ন স্থানে মাঝারি থেকে হালকা বৃষ্টি নামে। বৃষ্টির সঙ্গে বইতে থাকা শীতল বাতাসে স্বস্তি ফিরে পায় সাধারণ মানুষ।
স্থানীয়রা জানান, গত কয়েকদিন ধরে অস্বাভাবিক তাপমাত্রার কারণে জনজীবন প্রায় স্থবির হয়ে পড়েছিল। রাস্তাঘাট ছিল অনেকটাই ফাঁকা, আর খেটে খাওয়া মানুষ পড়েছিলেন চরম দুর্ভোগে। এমন পরিস্থিতিতে হঠাৎ এই বৃষ্টি স্বস্তির পরশ হয়ে আসে।
আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, সোমবার বিকেল ৩টায় মেহেরপুরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৮ ডিগ্রি সেলসিয়াস।
এই বৃষ্টি শুধু তাপদাহ থেকে স্বস্তিই দেয়নি, বরং প্রকৃতিতেও ফিরিয়ে এনেছে প্রাণের সজীবতা।


