রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নতুন কমিটি স্থগিত ঘোষণার পর রাজশাহী থেকে আন্তঃজেলা ও দূরপাল্লার সব ধরনের বাস চলাচল স্বাভাবিক হয়েছে। সোমবার (১৮ মে) রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম এ ঘোষণা দেন।
সংশ্লিষ্টরা জানান, গত রোববার বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশন রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ২১ সদস্যের নতুন কমিটি ঘোষণা করে। এই কমিটিতে সভাপতি করা হয়- রফিকুল ইসলাম পাখিকে। এছাড়া সাধারণ সম্পাদক করা হয় মমিনুল ইসলামকে।
নির্বাচন ছাড়া নতুন কমিটি দেয়ায় শ্রমিকদের একাংশ সকাল থেকে আন্দোলন শুরু করেন এবং সকল রুটের বাস চলাচল বন্ধ করে দেন। হঠাৎ করে বাস চলাচল বন্ধ হওয়ায় বিভিন্ন রুটের যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।
রাত ৯ টার দিকে শিরোইল বাস টার্মিনালে এসে শ্রমিকদের সঙ্গে কথা বলেন রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম।
তিনি জানান, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ফেডারেশন কমিটি স্থগিত করেছে। এ ঘোষণার পর বাস চলাচল স্বাভাবিক হয়।
এর আগে গত ২৩ এপ্রিল ইউনিয়ন অফিসের নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাজশাহীর শিরোইল এলাকায় পরিবহন শ্রমিকদের দুই গ্রুপের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া ঘটে। টার্মিনালের পাশে থাকা বিপুল সংখ্যক দোকানেও ভাঙচুর চালানো হয়। এরই প্রেক্ষিতে ফেডারেশন সমঝোতার ভিত্তিতে নতুন কমিটি ঘোষণা করেন।
পড়ুন : সংসদে কার্যকর ভূমিকা রাখতে নারী এমপিদের প্রস্তুত হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর


