কক্সবাজারের টেকনাফে নাফ নদী থেকে দুটি ইঞ্জিনচালিত মাছ ধরার নৌকাসহ বাংলাদেশি চার জেলেকে ধরে নিয়ে গেছেন মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা। সোমবার (১৮ মে) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম অনিক চৌধুরী।
টেকনাফ পৌরসভার ১ নম্বর সুইচঘাট মৎস্য কমিটির সভাপতি মোহাম্মদ শহিদ জানান, নাফ নদীতে প্রতিদিনের মতো সকালে মাছ ধরতে যান জেলেরা। দুপুরের দিকে হঠাৎ একটি কালো স্পিডবোট এসে আরাকান আর্মির সশস্ত্র সদস্যরা তাদের ঘিরে ফেলে। পরে অস্ত্রের মুখে জিম্মি করে দুটি মাছ ধরার নৌকাসহ চার জেলেকে ধরে নিয়ে যায়।
অপহৃতরা হলেন: টেকনাফ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ জালিয়াপাড়া এলাকায় বসবাসরত আবু তাহেরের ছেলে মো. মুফিজ (২৬), জাহাঙ্গীর আলমের ছেলে মোহাম্মদ ইয়াছিন (১৮), জাফর আলমের ছেলে মোহাম্মদ জামাল হোসেন (৪০)। আরেকজনের নাম জানা যায়নি।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম অনিক চৌধুরী বলেন, ‘দুটি নৌকাসহ বাংলাদেশি চার জেলেকে নাফ নদীর বাংলাদেশের জলসীমার বাইরে থেকে ধরে নিয়ে গেছে বিষয়টি জেনেছি। এ ব্যাপারে এখনো পর্যন্ত কোনো ধরনের লিখিত কিছু জেলে পরিবারগুলোর কাছ থেকে পাইনি। লিখিত কিছু পেলেই তা সংশ্লিষ্ট দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পাঠানো হবে। বিষয়টি বিজিবি ও কোস্টগার্ডও অবহিত হয়েছে।’
পড়ুন : সংসদে কার্যকর ভূমিকা রাখতে নারী এমপিদের প্রস্তুত হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর


