সিরাজগঞ্জে অভিযান চালিয়ে ৫০ লাখ টাকা মূল্যের ৫০০ গ্রাম হেরোইনসহ মোছা. রেহেনা খাতুন (৩৫) নামে এক নারীকে আটক করেছে র্যাব-১২ সদস্যরা।
মঙ্গলবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১২ সিরাজগঞ্জ সদর কোম্পানির কমান্ডার কাপ্টের তাবরীজ তাজওয়ার শরীফ।
আটক রেহেনা খাতুন রাজশাহী জেলার বাসিন্দা মো. মোস্তফার স্ত্রী।সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব কমান্ডার উল্লেখ করেন, গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির ভিত্তিতে সোমবার বিকেলে ঢাকা-বগুড়া মহাসড়কে সলঙ্গা থানার হাটিকুমরুল গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে ওই নারীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০০ গ্রাম হেরোইন জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য ৫০ লাখ টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক নারী দীর্ঘদিন ধরে রাজশাহীর সীমান্ত এলাকা থেকে হেরোইন সংগ্রহ করে নিজে পরিবহন করে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় মাদক ব্যাবসায়ীদের নিকট সরবরাহ করে আসছে। এ ঘটনায় সলঙ্গা থানায় মামলা দায়ের হয়েছে।


