কুড়িগ্রামের বেগমগঞ্জ ইউনিয়নে ধরলা নদী এবং ব্রহ্মপুত্র নদের ভাঙ্গন রোধে এবং নদীর তীর রক্ষায় কাজের অনিয়মের প্রতিবাদে
মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে ইসলামপুর গ্রামে স্থানীয় এলাকাবাসীর ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।এসময় উপস্থিত ছিলেন বেগমগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবলু মিয়া, সাবেক চেয়ারম্যান বেলাল মাস্টার, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, শিক্ষক নুর-ই-এলাহি,মেম্বার শহিদুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বক্তারা জানান,কুড়িগ্রামের বেগমগঞ্জ ইউনিয়নের ইসলামপুর গ্রামের রসুলপুর পাড়া, হিন্দুপাড়া, মাঝিপাড়া,কানাপাড়া ধরলা নদী এবং ব্রহ্মপুত্র নদের ভয়াবহ ভাঙনের মুখে পড়েছে।
গত এক বছরে প্রায় ৫কিলোমিটার এলাকায় ২শতাধিক বাড়ি ঘর, কৃষি জমি ৫শ একর, সরকারি- বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, বাজার,কমিউনিটি ক্লিনিক, তহশিল অফিস,মসজিদ,মন্দির বিলীন হয়েছে। এছাড়াও হুমকির মুখে রয়েছে কয়েক হাজার ঘরবাড়ি, বেগমগঞ্জ ইউনিয়ন পরিষদ,সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসহ হাজার হাজার একর কৃষি জমি।
ঠিকাদার প্রতিষ্ঠান কর্তৃক নদীর ভাঙ্গন রোধে জিও ব্যাগ ফেলায় অনিয়ম হচ্ছে বলেও দাবি করা হয়। পানি উন্নয়ন বোর্ড কর্তৃক দ্রুত ঠিকাদার প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার আহবান জানানো হয়।
পড়ুন- আধুনিক রাষ্ট্রব্যবস্থা গড়তে জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই: প্রধানমন্ত্রী


