১০ মাসের বকেয়া বেতন-ভাতা পরিশোধ ও চাকুরি স্থায়ীকরণের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় অবস্থান কর্মসূচি পালন করেছে টিকাদান কর্মসূচি কাজে নিয়োজিত ইপিআই পোর্টাররা।
মঙ্গলবার বেলা ১১টায় শহরের কাউতলী এলাকাস্থ সিভিল সার্জনের কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী এই অবস্থান কর্মসূচী পালন করা হয়।
এ সময় বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া ইপিআই পোর্টার অ্যাসসিয়শনের সভাপতি ডালিম মিয়া, সহসভাপতি সুদন মিয়া চৌধুরী, নজরুল ইসলাম, নাহিদুল ইসলাম প্রমুখ।
ব্রাহ্মণবাড়িয়া ইপিআই পোর্টার অ্যাসসিয়শনের সভাপতি ডালিম মিয়া বলেন, জীবন রক্ষাকারী টিকাদান কর্মসূচি বাস্তবায়নে ভ্যাকসিন বহনকারী ইপিআই পোর্টাররা দীর্ঘদিন ধরে নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। দীর্ঘ ১০ মাস ধরে জেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে দায়িত্বরত ২৭ জন এপিআই পোর্টারদের বেতন ভাতা বন্ধ রয়েছে। এতে করে তাদেরকে ধার দেনা করে পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। বিভিন্ন সময়ে দাবি বাস্তবায়নে আবেদন জানানো হলেও তার প্রতিফলন ঘটেনি। এ অবস্থায় তারা আসন্ন কোরবাণির ঈদের আগে ১০ মাসের বকেয়া বেতন পরিশোধে সরকারের হস্তক্ষেপ কামনা করেন।
অবস্থান কর্মসূচি শেষে জেলার সিভিল সার্জন ডাক্তার নোমান মিয়ার কাছে চলমান সমস্যার প্রতিকার চেয়ে স্মারকলিপি প্রদান করে ই পি আই পোর্টারবৃন্দ।
পড়ুন- পূর্ণাঙ্গ ও সুনির্দিষ্ট আইনেই সংস্কার হচ্ছে র্যাব, বদলাতে পারে নামও


