মেহেরপুরের গাংনী উপজেলার ষোলটাকা ইউনিয়ন পরিষদে ভিজিএফের চাল বিতরণকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় ইউপি সদস্যদের ওপর হামলার অভিযোগ উঠেছে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে।
আজ বুধবার পবিত্র ঈদুল আযহা উপলক্ষে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে সরকারের দেওয়া ১০ কেজি করে ভিজিএফের চাল বিতরণের সময় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
ষোলটাকা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আফরোজা খাতুন অভিযোগ করে বলেন, সরকার দরিদ্র মানুষের জন্য চাল বরাদ্দ দিয়েছে। কিন্তু জামায়াতের কিছু নেতাকর্মী চালের ভাগ দাবি করেন। তাদের দাবি পূরণ না করায় তারা ইউপি সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়।
৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সুজাউদ্দিন বলেন, দুঃস্থদের জন্য বরাদ্দকৃত চাল জামায়াত নেতাদের না দেওয়ায় তারা আমার ওপর হামলা চালায়।
ভারপ্রাপ্ত চেয়ারম্যান আফরোজা খাতুনের স্বামী আবুল হোসেন বলেন, যদি তাদের তালিকাভুক্ত কোনো দুস্থ ব্যক্তি থাকে তাহলে নাম দিলে যাচাই-বাছাই করে চাল দেওয়া হবে। কিন্তু তারা কোনো তালিকা না দিয়েই জোরপূর্বক চাল নেওয়ার চেষ্টা করে।
চেয়ারম্যানের ছেলে আসিফ অভিযোগ করেন, জামায়াতের লোকজন ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এসে ইউপি সদস্যদের ওপর হামলা ও চাল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পরে স্থানীয় লোকজন প্রতিরোধ গড়ে তুললে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার দাস বলেন, বিষয়টি অস্বীকার করে বলেন, এ বিষয়ে কোন কিছু জানা নেই।
এ বিষয়ে বক্তব্য জানতে গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন-এর ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।


