দীর্ঘ অপেক্ষা পর অবশেষে ঈদের সিনেমায় যুক্ত হচ্ছে কালজয়ী স্পাই চরিত্র ‘মাসুদ রানা’। সম্প্রতি সিনেমাটির প্রথম অফিসিয়াল পোস্টার প্রকাশের মাধ্যমে শুরু হয়েছে এর আনুষ্ঠানিক প্রচারণা। জানা গেছে, আসন্ন কোরবানি ঈদ মুক্তি পাচ্ছে এটি।
সিনেমার প্রযোজক আবদুল আজিজ নিশ্চিত করেছেন, সব জটিলতা কাটিয়ে আসন্ন কোরবানি ঈদে মাল্টিপ্লেক্সসহ দেশের বড় বড় প্রেক্ষাগৃহগুলোতে মুক্তি পাবে ‘মাসুদ রানা’।
কাজী আনোয়ার হোসেনের ‘মাসুদ রানা’ উপন্যাস অবলম্বনে নির্মিত সিনেমার ফার্স্ট লুক পোস্টারটি তৈরি করা হয়েছে সেবা প্রকাশনীর সেই চেনা ক্লাসিক বইয়ের প্রচ্ছদের আদলে।
পোস্টারটি শেয়ার করে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার ফেসবুকে লিখেছে, বইয়ের পাতা থেকে এবার সেলুলয়েডের পর্দায় ‘মাসুদ রানা’! বাঙালি পাঠকের হৃদয়ে রোমাঞ্চের ঝড় তোলা সেই চিরচেনা ‘মাসুদ রানা’ ফিরছে একদম চেনা রূপে। পোস্টারটি দর্শকদের মধ্যে বেশ সাড়া ফেলেছে।
এর আগে, ২০২০ সালে জাজ মাল্টিমিডিয়া মাসুদ রানা চরিত্রটি নিয়ে দুটি ভিন্ন সিনেমা নির্মাণের মেগা প্রজেক্ট হাতে নেয়। এর মধ্যে হলিউড ঘরানার নির্মাতা আসিফ আকবরের পরিচালনায় আন্তর্জাতিক সংস্করণের ‘এমআর-৯: ডু অর ডাই’ গত বছর মুক্তি পেলেও, নির্মাতা সৈকত নাসিরের ‘মাসুদ রানা’ সিনেমার কাজ থমকে ছিল। ইমপ্রেস টেলিফিল্ম ও জাজ মাল্টিমিডিয়ার যৌথ প্রযোজনার সিনেমাটির মূল শুটিং প্রায় পাঁচ বছর আগে শেষ হয়েছিল। তবে একটি গান ও কয়েকটি বিশেষ দৃশ্যের কাজ বাকি থাকায় এত দিন এটি আটকে ছিল। সম্প্রতি সেই বাকি দৃশ্যগুলোর শুটিং শেষ করে সিনেমাটির মুক্তির ঘোষণা এলো।
সিনেমায় নামভূমিকায় অভিনয় করেছেন তরুণ অভিনেতা রাসেল রানা। তার সঙ্গী হয়ে ‘সোহানা’ চরিত্রে পর্দায় হাজির হবেন চিত্রনায়িকা পূজা চেরি এবং ‘অবনিতা’ চরিত্রে দেখা যাবে সৈয়দা তিথি অমনিকে।
পড়ুন:‘মানসিক ভাবে প্রস্তুত ছিলাম না কাজ করার জন্য’
দেখুন:পলাতক চেয়ারম্যানের প্রত্যাবর্তনের খবরে উত্তাল জামালপুর |
ইমি/


