বিজ্ঞাপন

সুপ্রিম কোর্ট সচিবালয় গঠনে হাইকোর্টের দেয়া রায় স্থগিত করেননি চেম্বার আদালত

সুপ্রিম কোর্ট সচিবালয় গঠনে হাইকোর্টের দেয়া রায় স্থগিত না করে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য আদেশ দিয়েছেন চেম্বার আদালত। আগামী ৯ জুন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (২১ মে) চেম্বার বিচারপতি ফারাহ মাহবুবের আদালত এ আদেশ দেন। এর আগে সকালেই হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে আপিল আবেদন করে রাষ্ট্রপক্ষ।

এ প্রসঙ্গে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল জানান, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ীই এই বিষয়ের চূড়ান্ত সিদ্ধান্ত আসবে আপিল বিভাগ থেকে। সুপ্রিম কোর্টের সাত আইনজীবীর দায়ের করা একটি রিট পিটিশনের পরিপ্রেক্ষিতে, গত বছরের ২ সেপ্টেম্বর বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ চূড়ান্ত রায় দেন।

ওই রায়ে সংবিধানের বর্তমান ১১৬ অনুচ্ছেদটিকে সাংঘর্ষিক ও বাতিল ঘোষণা করে, ১৯৭২ সালের মূল সংবিধানের ১১৬ অনুচ্ছেদ পুনর্বহালের আদেশ দেয়া হয়। একইসঙ্গে তিন মাসের মধ্যে সুপ্রিম কোর্টের জন্য একটি স্বতন্ত্র ও পৃথক সচিবালয় তৈরির নির্দেশনাও দেয়া হয়েছিল। পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে আলাদা করার লক্ষ্যে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, ২০২৫ জারি করে। তবে এরপর আসা বিএনপি সরকার অধ্যাদেশটি বাতিল করে দেয়।

সবশেষ গত ১৯ মে একটি সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে সুপ্রিম কোর্ট সচিবালয়টি বিলুপ্ত ঘোষণা করা হয়। আর এই বিলুপ্তির পরপরই সদ্য গঠিত সেই সচিবালয়ের সিনিয়র সচিবসহ মোট ১৫ জন কর্মকর্তাকে আবারও আইন মন্ত্রণালয়ে ফিরিয়ে নেয়া হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট খারিজ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন