বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে বড় বাণিজ্যিক প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত কান চলচ্চিত্র উৎসবের ফিল্ম মার্কেট ‘মার্শে দ্যু ফিল্ম’ এবারও হয়ে উঠেছে আন্তর্জাতিক সিনেমা বাণিজ্যের কেন্দ্রবিন্দু। বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১৪ হাজারের বেশি প্রযোজক, পরিবেশক, ক্রেতা ও বিক্রয় প্রতিনিধি এবারের বাজারে অংশ নিয়েছেন, যা গত বছরের তুলনায় প্রায় ৪ শতাংশ বেশি।
উৎসবের প্রথম দিকটা কিছুটা ধীরগতির থাকলেও শেষ সপ্তাহে এসে জমে উঠেছে সিনেমা কেনাবেচার এই বিশাল আয়োজন। এর মধ্যেই বড় আলোচনার জন্ম দিয়েছে জনপ্রিয় স্ট্রিমিং মাধ্যম নেটফ্লিক্স। প্রতিষ্ঠানটি ফরাসি অ্যানিমেশন চলচ্চিত্র ‘ইন ওয়েভস’-এর স্বত্ব কিনে নিয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। জানা গেছে, প্রায় ৫০ লাখ মার্কিন ডলারের বিনিময়ে চুক্তিটি সম্পন্ন হয়েছে।
নির্মাতা ফুওং মাই নগুয়েন পরিচালিত সিনেমাটি কানের সমালোচক সপ্তাহ বিভাগের উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে প্রদর্শিত হয়। প্রদর্শনীর পর থেকেই এটি দর্শক ও সমালোচকদের নজর কাড়ে। লস অ্যাঞ্জেলেসের প্রেক্ষাপটে নির্মিত গল্পে উঠে এসেছে কিশোর এজে ও সার্ফার মেয়ে ক্রিস্টেনের সম্পর্ক, স্বপ্ন এবং কঠিন বাস্তবতার মুখোমুখি হওয়ার আবেগঘন যাত্রা।
এদিকে দক্ষিণ কোরিয়ার খ্যাতিমান নির্মাতা পার্ক চ্যান-উকের নতুন সিনেমা ‘দ্য ব্রিগেন্ডস অব র্যাটলক্রিক’ নিয়েও চলছে জোর আলোচনা। ছবিটির স্বত্ব কেনার বিষয়ে চূড়ান্ত পর্যায়ের আলোচনা চালাচ্ছে মার্কিন চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্সের নতুন শাখা ক্লকওয়ার্কস। সিনেমাটিতে অভিনয় করবেন ম্যাথিউ ম্যাককনাহে, অস্টিন বাটলার, পেদ্রো পাসকাল ও ট্যাং ওয়েই।
এর আগে কান মার্কেটে বড় চমক দেখায় প্রযোজনা প্রতিষ্ঠান এ টোয়েন্টিফোর। প্রতিষ্ঠানটি ১৭ মিলিয়ন ডলারে কিনে নেয় ‘ক্লাব কিড’। অন্যদিকে প্রযুক্তি ও স্ট্রিমিং প্রতিষ্ঠান অ্যামাজন কিনে নিয়েছে মনস্তাত্ত্বিক থ্রিলার ‘পাম্পিং ব্ল্যাক’। মিমি কেভ পরিচালিত এই ছবিতে অভিনয় করেছেন জোনাথন বেইলি এবং নাটালি পোর্টম্যান।
সব মিলিয়ে এবারের কান চলচ্চিত্র উৎসব শুধু লালগালিচা আর তারকাদের উপস্থিতিতেই নয়, বরং কোটি ডলারের আন্তর্জাতিক চুক্তি ও সিনেমা বাণিজ্যের কারণেও বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে রয়েছে।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

