গবাদিপশু চুরি ও ডাকাতি প্রতিরোধে ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহণ করেছে জেলা পুলিশ সিরাজগঞ্জ। জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে “বাঁশকল” স্থাপন এবং স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে পাহারা কার্যক্রম চালুর ফলে চলতি বছরে গবাদিপশু চুরির ঘটনা উল্লেখযোগ্য হারে কমে এসেছে।
জেলা পুলিশের তথ্য অনুযায়ী, মোঃ সাইফুল ইসলাম সানতু এর উদ্যোগে জেলার বিভিন্ন থানার কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ১৫৩টি স্থানে বাঁশকল স্থাপন করা হয়েছে। এসব স্থানে জেলা পুলিশ, গ্রাম পুলিশ, স্থানীয় জনপ্রতিনিধি ও গ্রামবাসীর সমন্বয়ে রাতভর পাহারা কার্যক্রম পরিচালিত হচ্ছে।
পুলিশ সুপার নিজেও জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে নিয়মিত বিভিন্ন বাঁশকল পরিদর্শন করছেন। দায়িত্বপালনকারীদের উৎসাহ দিতে তাদের মাঝে টর্চলাইট, বাঁশিসহ প্রয়োজনীয় সরঞ্জাম বিতরণ করা হচ্ছে।
জানা গেছে, ২০২৫ সালে জেলায় গবাদিপশু চুরি সংক্রান্ত ২৫টি এবং গবাদিপশু ডাকাতি সংক্রান্ত ৫টি মামলা হয়েছিল। তবে চলতি বছরে গবাদিপশু চুরির মামলা হয়েছে মাত্র ৩টি এবং গবাদিপশু ডাকাতির কোনো ঘটনা ঘটেনি। এছাড়া আরও কয়েকটি চুরির ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
জেলা পুলিশের দাবি, প্রতিরোধমূলক এ কার্যক্রমের ফলে গত বছরের তুলনায় চলতি বছরে গবাদিপশু চুরির হার প্রায় ৯০ শতাংশ কমে এসেছে।
এ বিষয়ে পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু বলেন, আমরা চুরি-ডাকাতির সংখ্যা শূন্যের কোটায় নামিয়ে আনতে চাই। সে লক্ষ্যেই ঘটনা ঘটার আগেই প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে বাঁশকল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, স্থানীয় জনগণের সহযোগিতা অব্যাহত থাকলে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে এবং চুরি-ডাকাতি প্রতিরোধে এই উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে।
পড়ুন : দিনাজপুরে সমসাময়িক আইন ও নীতি বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত


