কেউ যেন পিছিয়ে না থাকে এই নীতির ভিত্তিতে এখন থেকে সব ডিজিটাল সেবার নকশা করা হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।
বৃহস্পতিবার (২১ মে) রাজধানীর আগারগাঁওয়ের বিডা অডিটরিয়ামে ‘গ্লোবাল অ্যাক্সেসিবিলিটি অ্যাওয়ারনেস ডে ২০২৬’ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের প্রয়োজন বিবেচনায় নিয়েই অভিগম্য ওয়েবসাইট ও অ্যাপ তৈরি হচ্ছে। এটি তাদের অধিকার। প্রযুক্তিকে মানুষের প্রয়োজন, সক্ষমতা ও বৈচিত্র্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে হবে। নতুন প্রযুক্তির মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজের মূলধারায় সক্রিয়ভাবে যুক্ত করা হবে।
বিশেষ অতিথির বক্তব্যে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন বলেন, ডিজিটাল অভিগম্যতায় অবদান রাখা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও উদ্ভাবনী উদ্যোগগুলোর বিকাশে সরকার সর্বাত্মক সহযোগিতা দেবে।
তিনি আরো বলেন, সবার জন্য বাংলাদেশ গড়তে সার্বজনীন অভিগম্যতা নিশ্চিত করা জরুরি। প্রতিবন্ধী ব্যক্তিসহ সব নাগরিক যেন সহজে ডিজিটাল সেবা নিতে পারেন, সে লক্ষ্যে সরকার কাজ করছে।
অনুষ্ঠানে ডিজিটাল অভিগম্যতায় বিশেষ অবদানের জন্য ৫টি উদ্যোগকে সম্মাননা দেওয়া হয়। এগুলো হলো, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিবন্ধী ব্যক্তিদের ‘থেরাপি সার্ভিস ম্যানেজমেন্ট এবং ডিজেবিলিটি ইনফরমেশন সিস্টেম’, বাংলাদেশ পুলিশের ‘অনলাইন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট সার্ভিস’, স্থানীয় সরকার বিভাগ ও ইউএনডিপির ‘গ্রাম আদালত মোবাইল অ্যাপ’। ইস্টার্ন ব্যাংকের ‘ইবিএল স্কাইব্যাংকিং’, সাইটসেভার্স বাংলাদেশের ‘অভিগম্য স্বাস্থ্যসেবা প্ল্যাটফর্ম’।
অনুষ্ঠানে মন্ত্রী ও প্রতিমন্ত্রী প্রতিবন্ধীবান্ধব উদ্ভাবন নিয়ে স্থাপিত বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
এসময় আইসিটি বিভাগের সচিব কাজী আনোয়ার হোসেন, এটুআই-এর প্রকল্প পরিচালক মোহা. আব্দুর রফিক, অ্যাক্সেসিবিলিটি কনসালট্যান্ট দৃষ্টিজয়ী ভাস্কর ভট্টাচার্য, সাইটসেভার্সের কান্ট্রি ডিরেক্টর অমৃতা রেজিনা রোজারিও, ফ্রেন্ডশিপের ঊর্ধ্বতন পরিচালক আয়েশা তাসিন খান, সিআরপির প্রতিষ্ঠাতা ভ্যালেরি অ্যান টেইলরসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন এটুআই-এর হেড অব প্রোগ্রাম ম্যানেজমেন্ট আব্দুল্লাহ আল ফাহিম।
পড়ুন:মন্ত্রিসভার ৭ বৈঠকে সিদ্ধান্ত বাস্তবায়ন ৭০ শতাংশের বেশি
দেখুন:ব্রিটিশ রাজপরিবারে নতুন করে বিতর্কের ঝড়!
ইমি/


