সোনারগাঁয়ে মাত্র ১০ টাকা চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে এক নিরীহ অটোরিকশা চালককে পিটিয়ে হত্যার ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও নিন্দার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন স্বজনরা।
স্থানীয় সূত্রে জানা যায়, চাঁদা দাবি করাকে কেন্দ্র করে অটোরিকশা চালককে মারধর করা হলে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় বাংলাদেশ জামায়াতে ইসলামী নিহত পরিবারের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবারটিকে সব ধরনের আইনি সহায়তা সম্পূর্ণ বিনা খরচে প্রদান করা হবে।
এদিকে, এডভোকেট সাইফুর রহমান জানিয়েছেন, তিনি নিজেই মামলাটি পরিচালনা করবেন এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে আইনি লড়াই চালিয়ে যাবেন।
স্থানীয়দের দাবি, দ্রুত সময়ের মধ্যে দোষীদের গ্রেপ্তার করে কঠোর শাস্তির আওতায় আনতে হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের নৃশংস ঘটনা আর না ঘটে।
পড়ুন- পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা চলছে: ইরানি গণমাধ্যম


