নিজ গ্রামের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ দূর করতে মানবিক উদ্যোগ নিয়েছেন সৌদি আরব প্রবাসী শেখ মামুন হোসেন। প্রবাসী মামুনের ব্যক্তিগত অর্থায়নে ঢাকার দোহার উপজেলার কুসুমহাটি ইউনিয়নের উত্তর শিলাকোঠা গ্রামে প্রায় এক হাজার ফুট দীর্ঘ একটি রাস্তা নির্মাণ করেন দিয়েছেন।
স্থানীয়দের অভিযোগ ছিল, সামান্য বৃষ্টিতেই রাস্তাটি পানিতে তলিয়ে যেত। ফলে স্কুলগামী শিশু, কৃষক ও সাধারণ মানুষের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হতো। বিশেষ করে অসুস্থ রোগীদের হাসপাতালে নেওয়ার জন্য কোনো যানবাহন প্রবেশ করতে পারত না।
এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার কারণে এই সড়কটি প্রায় অচল হয়ে পড়েছিল। নতুন রাস্তা নির্মাণের ফলে এখন যাতায়াতে অনেকটা সহজ হয়েছে এবং মানুষের ভোগান্তিও কমেছে।
স্থানীয় সাবেক ইউপি সদস্য জানে আলম খান বলেন, নিজের অর্থ খরচ করে গ্রামের মানুষের জন্য এমন উদ্যোগ প্রশংসনীয়। শেখ মামুন হোসেনের এই কাজ এলাকাবাসীর জীবনযাত্রা সহজ করেছে। আমরা তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।
এ বিষয়ে সৌদি প্রবাসী শেখ মামুন হোসেন বলেন, প্রবাসে থেকেও গ্রামের মানুষের কষ্ট আমাকে নাড়া দিত। বিশেষ করে স্কুলপড়ুয়া শিশুদের পানিবন্দি অবস্থায় চলাচল করতে দেখে খুব খারাপ লাগত। তাই আমি সিদ্ধান্ত নেই, সরকার না করলেও নিজের অর্থায়নে রাস্তাটি নির্মাণ করে দেব।
তিনি আরও জানান, প্রায় ৮ লাখ টাকা ব্যয়ে রাস্তার গাইডওয়াল নির্মাণ ও বালু ভরাটের কাজ সম্পন্ন করেছেন। বর্তমানে প্রায় ৫০০ ফুট অংশে ইট সলিং করা হয়েছে। বাকি অংশ সরকারিভাবে উন্নয়ন করা হলে এলাকাবাসীর দুর্ভোগ পুরোপুরি লাঘব হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
স্থানীয়দের মতে, প্রবাসীদের এ ধরনের মানবিক উদ্যোগ গ্রামীণ অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পড়ুন- মন্ত্রিসভার ৭ বৈঠকে সিদ্ধান্ত বাস্তবায়ন ৭০ শতাংশের বেশি


