নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় বাবাকে খুঁজতে বের হয়ে আবু বক্কর সিদ্দিক (২০) নামে এক মানসিক ভারসাম্যহীন যুবক নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। গত ১৬ মে রাত ১০টার দিকে উপজেলার ঘারমোড়া এলাকা থেকে সে নিখোঁজ হয়। পরিবারের দাবি, এরপর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ যুবকের বাবা সবুজ মিয়া একজন সিএনজি চালক। তিনি জানান, প্রায় ১৩ বছর ধরে বিভিন্ন সময় তার ছেলে বাড়ি থেকে বের হয়ে হারিয়ে যেত। পরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে তাকে উদ্ধার করে বাড়িতে ফিরিয়ে আনতেন। এ কারণে অনেক সময় তাকে একা বাইরে যেতে দেওয়া হতো না এবং বাসার ভেতরেই রাখা হতো।
সবুজ মিয়া আরও জানান, গত ১৬ মে রাতে তিনি মদনগঞ্জ এলাকায় সিএনজি মেরামতের কাজে যান। এ সময় ছেলে তাকে বাসায় না পেয়ে বাবাকে খুঁজতে বের হয়ে যায়। এরপর থেকেই আবু বক্কর সিদ্দিক ওরফে মরণ মিয়া নিখোঁজ রয়েছে।
পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও তার কোনো সন্ধান পাননি। পরে গত ২১ মে রাতে বন্দর থানায় উপস্থিত হয়ে নিখোঁজের একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তার বাবা সবুজ মিয়া। যার জিডি নম্বর- ১২৩৭।
নিখোঁজ আবু বক্কর সিদ্দিকের সন্ধান পেলে ০১৯২১-৭২৬৬৮২ নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে সকলের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
পড়ুন- হামের চিকিৎসার জন্য দায়িত্বরত ডাক্তার-নার্সদের ঈদের ছুটি বাতিল


