যশোরের শার্শায় ৩ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা ও শারীরিক ভাবে নির্যাতনের অভিযোগে আলম নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বর্তমানে শিশুটি প্রাথমিক চিকিৎসা নিয়ে পরিবারের সাথে পুলিশের আশ্রয়ে রয়েছে। ধর্ষণ চেষ্টাকারী আলম গাজীকে গ্রেফতার করেছে পুলিশ। সে শার্শার সরুপদাহ গ্রামের জহরগাজীর ছেলে।
শনিবার (২৩ মে) দিবাপূর্ব রাত ১টার দিকে শিশুটির বাবার অভিযোগের ভিত্তিতে শার্শা থানা পুলিশ তাকে গ্রেফতার করে। এর আগে গত শুক্রবার সকালে ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটে।
শিশুটির দাদি জানান, কাটি ভাজা খাওয়ানোর লোভ দেখিয়ে বাড়ির পাশ্ববর্তী একটি টোং ঘরে নিয়ে যায় আলম। পরে শিশুটিকে যৌন নির্যাতন করতে চেষ্টা করে। পরে শিশুটির চিৎকারে রাস্তার লোক এগিয়ে আসলে সে পালিয়ে যায়।
এ ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে মামলা করলে পুলিশ ধর্ষণ চেষ্টাকারী আলমকে গ্রেফতার করে। এদিকে শিশুকে যৌন নির্যাতনের ঘটনায় দ্রুত বিচারের দাবি জানিয়েছে ভুক্তভোগীর পরিবার ও প্রতিবেশীরা।
এবিষয়ে শার্শা থানার অফিসার ইনচার্জ ওসি মারুফ হোসেন জানান, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের হয়েছে। পাশাপাশি শিশুটির স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


