মেহেরপুরের গাংনী সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মালামাল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব অভিযানে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য এক কোটি ৮ লাখ ৮০ হাজার ৪০০ টাকা। রবিবার দুপুর ১২টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে বিজিবি।
বিজিবি জানায়, রংমহল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার রংমহল মাঠে বিশেষ অভিযান চালিয়ে মো. আলো হোসেন (১৯) নামে এক যুবককে আটক করা হয়।
তিনি গাংনী উপজেলার লক্ষ্মীধোলা গ্রামের মৃত ওমর আলীর ছেলে। এ সময় তার কাছ থেকে ১৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৫ হাজার ৪০০ টাকা।
এদিকে কাথুলি বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৩৪ এমপি থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কাথুলি মাঠ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে সেখানে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১ হাজার পিস ডেক্সামেথাসন ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৩ লাখ টাকা।
অপরদিকে কাজিপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার কাজিপুর ব্রিজ মোড়ে পরিচালিত আরেকটি অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৫০ বোতল মদ, ১০ হাজার পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ২৫ হাজার পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব পণ্যের আনুমানিক মূল্য ১ কোটি ৫ লাখ ৭৫ হাজার টাকা।
আটককৃত আলো হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে গাংনী থানায় সোপর্দ করা হয়েছে। এছাড়া উদ্ধারকৃত মালামালও থানায় জমা দেওয়া হয়েছে।


