মেহেরপুরের গাংনী উপজেলায় দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। আজ রবিবার বিকেলে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে ৩২ জন উপকারভোগীর হাতে মোট ১ লাখ ৮৩ হাজার ৫০০ টাকার অনুদানের চেক তুলে দেওয়া হয়।
মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য নাজমুল হুদার ঐচ্ছিক তহবিল থেকে এ অনুদান প্রদান করা হয়।
গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুদানের চেক বিতরণ করেন সংসদ সদস্য নাজমুল হুদা।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা জামায়াতের আমীর মোঃ রবিউল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা জাহাঙ্গীর আলম এবং পৌর জামায়াতের আমীর মোঃ আহসানুল হক।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে সংসদ সদস্য নাজমুল হুদা বলেন, সমাজের অসহায়, দুঃখী ও পিছিয়ে পড়া মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের মূল লক্ষ্য। অনেক মানুষ আছেন যারা নীরবে কষ্ট করে জীবনযাপন করছেন, কিন্তু কাউকে বলতে পারেন না। তাদের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। তিনি বলেন, সামর্থ্য অনুযায়ী এলাকার দরিদ্র ও অসহায় মানুষের সহযোগিতায় কাজ করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে। মানুষের দুঃখ-কষ্ট লাঘবে সবাইকে মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

