সন্ত্রাসীরা যতই ঝামেলার চেষ্টা করুক, তা প্রতিহত করা হবে বলে জানিয়েছেন চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) মাসুদ আলম। চট্টগ্রামের সীতাকুণ্ডে অপরাধীদের অভয়ারণ্য হিসেবে পরিচিত জঙ্গল সলিমপুরে আবারও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর সশস্ত্র হামলার ঘটনার পর তিনি এ মন্তব্য করেন।
রোববার (২৪ মে) দিবাগত রাতে ‘ইয়াসিন বাহিনী’র সদস্যরা যৌথ বাহিনীর ক্যাম্পে অতর্কিত গুলিবর্ষণ করে এবং বুলডোজার দিয়ে একটি নির্মাণাধীন ক্যাম্পের দেয়াল ভেঙে দেয় বলে অভিযোগ উঠেছে।
সোমবার (২৫ মে) সকালে জঙ্গল সলিমপুরে ফের হামলার ঘটনায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এসপি মাসুদ আলম। তিনি বলেন, ‘জঙ্গল সলিমপুর সন্ত্রাসীদের জন্য একটি বড় স্বার্থসংশ্লিষ্ট এলাকা। এখানে কোটি কোটি টাকার সাম্রাজ্য গড়ে উঠেছে। সেই নিয়ন্ত্রণ হারানোর শঙ্কা থেকেই তারা অস্থির হয়ে উঠেছে। তারা যতই ঝামেলা সৃষ্টি করুক, আমরা তা প্রতিহত করার চেষ্টা করব।’
তিনি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। প্রয়োজনে আরও অতিরিক্ত ফোর্স পাঠানো হবে এবং কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
হামলার মূল হোতা হিসেবে চিহ্নিত ইয়াসিন সম্পর্কে এসপি বলেন, সম্প্রতি সে এলাকায় সক্রিয় হয়েছে। তার পেছনে অন্য কারও সম্পৃক্ততা রয়েছে কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলেও জানান তিনি।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার বিষয়ে তিনি বলেন, ‘আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে এই এলাকায় শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনা। কোনোভাবেই এটিকে দেশের ভেতরে আরেকটি রাষ্ট্রে পরিণত হতে দেওয়া হবে না।’
আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান ঠেকাতে সন্ত্রাসীরা জঙ্গল সলিমপুরের প্রবেশপথের অন্তত চারটি রাস্তা কেটে ফেলে। তবে এসব বাধা উপেক্ষা করেই ভোররাত থেকে যৌথ বাহিনী অভিযান শুরু করে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত অভিযান চালিয়ে জড়িত সন্দেহে ১৫ থেকে ২০ জনকে আটক করা হয়েছে।
র্যাব ও স্থানীয় সূত্র জানায়, রোববার রাত আনুমানিক ১টার দিকে জঙ্গল সলিমপুরের আলীনগর এলাকায় সদ্য স্থাপিত যৌথ বাহিনীর ক্যাম্প লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে সন্ত্রাসীরা। একপর্যায়ে এস্কেভেটর ও বুলডোজার দিয়ে বিভিন্ন স্থাপনায় হামলা চালানো হয়। এতে যৌথ বাহিনীর একটি ক্যাম্পের অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়। ঈদের পর ক্যাম্পটি স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্বোধনের কথা ছিল।
পড়ুন: ট্রেনে ঈদযাত্রায় চরম ভোগান্তি: ৫ ট্রেনের বিলম্ব, যাত্রীদের উপচে পড়া ভিড়
আর/


