বগুড়ার নওগাঁ-বগুড়া মহাসড়কে বাস ও অটোরিকশার সংঘর্ষে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অটোরিকশাচালকসহ আরও একজন গুরুতর আহত হয়েছেন।
সোমবার (২৫ মে) বিকেল ৪টা ১০ মিনিটের দিকে কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের কাজীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কাজীপাড়া এলাকার বাবুল তালুকদারের স্ত্রী জেসমিন খাতুন (৪৫) ও তাঁর মেয়ে তণু আক্তার (২০)। আহত হয়েছেন অটোরিকশাচালক শাওন মিয়া (১৮)। তিনি একই এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপচাঁচিয়ায় চিকিৎসক দেখিয়ে মা-মেয়ে অটোরিকশাযোগে বাড়ি ফিরছিলেন। বিকেলে কাজীপাড়া বাসস্ট্যান্ডের পশ্চিম পাশে বগুড়া নওগাঁ মহাসড়কে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা রাজশাহীগামী এভারগ্রীন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মা ও মেয়ের মৃত্যু হয়।
দুর্ঘটনায় গুরুতর আহত হন চালক শাওন মিয়া। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
কাহালু ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মো. সবুজ মিয়া বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার ও আহত ব্যক্তিকে হাসপাতালে পাঠান। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, নিহত মা মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।
পড়ুন- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা : পুলিশের চার্জশিটে উঠে এলো ভয়ঙ্কর যেসব তথ্য


