চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানাধীন এলাকায় ৯৩ পিস ইয়াবাসহ বাবুল (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাকে গণধোলাই দিয়ে জুতার মালা গলায় পরিয়ে বাজার ঘুরিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
সোমবার (২৫ মে) বেলা ১২ টার দিকে দক্ষিণ আইচা বাজারের উত্তর মাথা মেইন সড়কের পন্ডিত বাড়ির সামনে তাকে আটকের পর দক্ষিণ আইচা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আটক মাদক ব্যবসায়ী বাবুল চরমানিকা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মুছা মাঝির ছেলে।
জানা গেছে , সোমবার বেলা ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ছাত্র-জনতার একটি দল দক্ষিণ আইচা বাজারের উত্তর মাথা মেইন সড়কের ওপরে পন্ডিত বাড়ির সামনে অভিযান চালিয়ে বাবুলকে মাদক বিক্রির সময় হাতেনাতে আটক করে। এ সময় তার ব্যবহৃত একটি টিভিএস মোটরসাইকেল জব্দ করা হয় এবং তার কাছ থেকে ৯৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে উত্তেজিত জনতা তাকে গণধোলাই দিয়ে জুতার মালা পরিয়ে বাজারে ঘুরিয়ে দক্ষিণ আইচা থানা পুলিশের কাছে সোপর্দ করেন।
দক্ষিণ আইচা থানা ছাত্রদল নেতা মো. সোহেল, মনির হোসেন ও আফজাল হোসেন জানান, বাবুল দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত।
তার কারণে যুবসমাজ ধ্বংসের মুখে। এতে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
দক্ষিণ আইচা থানার (ওসি) মো. আহসান কবির জানান, আটক বাবুলের বিরুদ্ধে দক্ষিণ আইচা থানায় একাধিক মামলা রয়েছে। তিনি একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে এলাকায় পরিচিত। সোমবার আটকের পর তাকে থানায় আনা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। মামলা দায়ের শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।
দেখুনঃবাংলাদেশি ও রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের জন্য পশ্চিমবঙ্গের প্রতি জেলায় হবে ‘হোল্ডিং সেন্টার
পড়ুনঃইরানের খেলায় বেকায়দায় যুক্তরাষ্ট্র
ইমি/


