কিশোরগঞ্জের বাজিতপুরে অভিযান চালিয়ে ১১৬ কেজি গাঁজা উদ্ধার করেছে র্যাব-১৪। এ ঘটনায় জাকির হোসেন নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের মাধ্যমে তারা জানতে পারে, কিশোরগঞ্জের ভৈরব সড়ক ব্যবহার করে ব্রাহ্মণবাড়িয়ার কসবা থেকে বাজিতপুরের পিরোজপুর এলাকায় বিপুল পরিমাণ গাঁজার চালান পৌঁছে দেওয়ার পরিকল্পনা করেছে একটি মাদক চক্র। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যস্ততাকে কাজে লাগাতেই তারা এই সময়কে বেছে নেয়।
এ তথ্যের ভিত্তিতে র্যাব-১৪ এর একটি দল টার্গেটকৃত বাড়ির সামনে অবস্থান নেয়। পরে সেখানে অভিযান চালানো হলেও কোনো মাদকদ্রব্যের সন্ধান পাওয়া যায়নি।
পরবর্তীতে আটক জাকির হোসেনের ব্যবসা প্রতিষ্ঠানে তল্লাশি চালিয়ে লাকড়ি ও গাছের পাতার নিচে কৌশলে লুকিয়ে রাখা ১১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় তার কাছ থেকে মাদক সেবনের উদ্দেশ্যে রাখা ৬ পিস ইয়াবা ও নগদ ৪ হাজার টাকা জব্দ করা হয়।
ভৈরব র্যাব ক্যাম্পের অধিনায়ক সিনিয়র পুলিশ সুপার তপন সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, আটক জাকির হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
পড়ুন:২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে ১০ শিশুর মৃত্যু
দেখুন:পাটুরিয়া ঘাটে পারাপারের টিকেট না পেয়ে হতাশ ট্রাক চালকরা |
ইমি/


