বাড়তি ভাড়া আদায়, ঈদযাত্রায় সড়কের চাপ ও পরিবহন ব্যবস্থাপনা নিয়ে সরকার কঠোর নজরদারিতে রয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, যাত্রীদের তাড়াহুড়ো ও চাপকে সুযোগ হিসেবে নিয়ে কিছু অসাধু ব্যক্তি মাঝপথে অতিরিক্ত ভাড়া আদায়ের চেষ্টা করছে। তবে অভিযোগ পেলেই ব্যবস্থা নেয়া হচ্ছে এবং জরিমানাও করা হচ্ছে।
বুধবার (২৭ মে) রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন। তিনি জানান, ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে সরকার সার্বক্ষণিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং বিআরটিএর কেন্দ্রীয় মনিটরিং সেল থেকেও সার্বিক তদারকি করা হচ্ছে।
মন্ত্রী বলেন, কাউন্টারগুলোতে নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত টাকা নেয়ার অভিযোগ এখন পর্যন্ত খুব বেশি পাওয়া যায়নি। তবে মাঝপথে যাত্রীরা দ্রুত গন্তব্যে পৌঁছাতে যেকোনো বাসে উঠতে চাইলে কিছু ক্ষেত্রে সুযোগ নিয়ে বেশি ভাড়া আদায়ের ঘটনা ঘটছে।
তিনি আরও বলেন, যমুনা সেতুর আগে চন্দ্রা এলাকায় যানবাহনের ধীরগতি দেখা গেলেও এটি অস্বাভাবিক নয়। কারণ সাত লেনের যানবাহন সেখানে দুই লেনে প্রবেশ করায় স্বাভাবিকভাবেই চাপ তৈরি হচ্ছে। তবে সার্বিক ব্যবস্থাপনায় বড় কোনো সমস্যা নেই বলে দাবি করেন তিনি।
পড়ুন: ৬ নবজাতকের মৃত্যুতে হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতি কিনা তদন্ত চলছে: স্বাস্থ্য অধিদপ্তরের এডিজি


