ঈদুল আজহার ছুটি শেষে রাজধানীসহ বিভিন্ন গন্তব্যে নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি।
সংগঠনটি বলেছে, যাত্রীদের কাছ থেকে কোনো অবস্থাতেই বিআরটিএ নির্ধারিত ভাড়ার অতিরিক্ত অর্থ আদায় করা যাবে না। একই সঙ্গে সড়কে অতিরিক্ত গতি ও ঝুঁকিপূর্ণ ওভারটেকিং এড়িয়ে সতর্কতার সঙ্গে যানবাহন চালানোর আহ্বান জানানো হয়েছে।
বুধবার (২৭ মে) সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মো. জোবায়ের মাসুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঈদ উদ্যাপন শেষে ফিরতি পথে যাত্রীদের চলাচল নির্বিঘ্ন ও নিরাপদ রাখতে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন সমিতির মহাসচিব মো. সাইফুল আলম। তিনি সব ধরনের যানবাহনের চালক, চালকের সহকারী, পরিবহন কোম্পানির মালিক এবং মালিক সমিতির কর্মকর্তাদের বিশেষভাবে দায়িত্বশীল ভূমিকা পালনের অনুরোধ জানান। একই সঙ্গে যান চলাচলে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন, অতিরিক্ত গতি ও ঝুঁকিপূর্ণ ওভারটেকিং পরিহার করার আহ্বান জানান তিনি। এতে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে বলে উল্লেখ করা হয়।


