টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মহেড়া এলাকায় চলাচলের প্রধান সড়কে বৃষ্টির পানিতে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় একের পর এক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। শুক্রবার দিনব্যাপী সড়কে জমে থাকা পানির কারণে অন্তত ১০ থেকে ১২টি মোটরসাইকেল ও অটোরিকশা উল্টে যায়। এতে নারী-পুরুষসহ প্রায় ১০ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা যায়, টানা বৃষ্টির কারণে মহেড়া মেইন রোডের বিভিন্ন স্থানে পানি জমে যায়। সড়কের বিভিন্ন খানাখন্দ পানির নিচে তলিয়ে যাওয়ায় চালকরা গর্ত বুঝতে না পেরে দুর্ঘটনার শিকার হচ্ছেন। বিশেষ করে মোটরসাইকেল ও অটোরিকশা চালকদের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে বিকেল পর্যন্ত কয়েকটি মোটরসাইকেল ও অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে। এসব ঘটনায় বেশ কয়েকজন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয়রা জানান, মহেড়া সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় প্রতিদিন হাজারো মানুষের যাতায়াত রয়েছে। এ সড়ক দিয়েই দেশের বিভিন্ন স্থান থেকে আগত দর্শনার্থীরা ঐতিহ্যবাহী মহেড়া জমিদার বাড়ী পরিদর্শনে যান। পাশাপাশি গুরুত্বপূর্ণ মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টার-এ কর্মকর্তা, প্রশিক্ষণার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়মিত যাতায়াতও এ পথেই হয়ে থাকে। ফলে সড়কের জলাবদ্ধতা জনদুর্ভোগকে আরও বাড়িয়ে তুলেছে।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল অবস্থা ও অপর্যাপ্ত পানি নিষ্কাশন ব্যবস্থার কারণে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। ফলে প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে সাধারণ মানুষকে।
স্থানীয়দের দাবি, দ্রুত সড়ক সংস্কার ও কার্যকর ড্রেনেজ ব্যবস্থা গ্রহণ না করলে ভবিষ্যতে আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী ও এলাকাবাসী।
পড়ুন : ঈদের ছুটিতে দর্শনার্থীদের ভিড়ে মুখর মহেড়া জমিদার বাড়ী


