ঈদ-পরবর্তী আনন্দঘন পরিবেশে জামালপুরের মেলান্দহ উপজেলার কুলিয়া ইউনিয়নের চিনিতুলা গ্রামে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী ফুটবল ফাইনাল ম্যাচ।
সামাজিক ও মানবিক সংগঠন ‘আশার আলো সামাজিক সংগঠন’-এর উদ্যোগে শনিবার বিকেলে প্রতিবছরের ধারাবাহিকতায় আয়োজিত এ খেলায় মুখোমুখি হয় বিবাহিত ও অবিবাহিত দুটি দল।
খেলাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে ছিল উৎসবমুখর পরিবেশ। গ্রামবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মাঠজুড়ে সৃষ্টি হয় প্রাণবন্ত আবহ। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেলান্দহ সরকারি কলেজের সাবেক ভিপি মো. রফিকুল ইসলাম মিল্লাত। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন ঢাকা হামদর্দ পাবলিক কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক ও স্থানীয় ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি কে এম আবু সাঈদ সবুজ। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী দুলাল মিয়া এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
খেলা পরিচালনা করেন নাহিদ হোসেন। উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি নজরুল ইসলাম বলেন, “তরুণ সমাজকে মাদক ও অপরাধমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই। এমন আয়োজন শুধু বিনোদনেরই নয়, পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও সামাজিক বন্ধন সুদৃঢ় করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আশার আলো সামাজিক সংগঠনের এ উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।”
তিনি আরও বলেন, “গ্রামীণ ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে নতুন প্রজন্মকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা সম্ভব। সমাজ গঠনে এমন আয়োজন নিয়মিত হওয়া প্রয়োজন।
খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও সামাজিক সম্প্রীতি ও যুবসমাজের বিকাশে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

