পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের ভিন্ন ভিন্ন স্থান থেকে দুটি লাশ উদ্ধার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাসিন্দা মৃত নুর মোহাম্মদের ছেলে আব্দুর রশিদকে শনিবার রাত প্রায় ১১টার দিকে বাড়ি থেকে ডেকে নেওয়া হয়। পরে ভোরে নেহালিয়া মাদ্রাসার পাশের মক্তবখানা এলাকায় তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে যান এবং আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করেন।
অন্যদিকে, একই এলাকায় মো. কালু মিয়ার ছেলে সাগরকেও হত্যার অভিযোগ পাওয়া গেছে। তিনি এক সন্তানের জনক ছিলেন। তার মৃত্যুর ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
জোড়া হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হত্যার কারণ ও এর সঙ্গে কারা জড়িত, তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
পিরোজপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী জানান, ২ টি মৃতদেহ পাওয়া কথা জানতে পেরেছি। মৃতদেহের শরীরে আঘাতে কোন চিহ্ন পাওয়া যায়নি। তবে গায়ে কাদামাটি লাগানো ছিল। তদন্তের পরে বিস্তারিত বলা যাবে। তিনি আরো জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সুপার ( মঠবাড়িয়া সার্কেল) ঘটনাস্থলে রয়েছে।
এ বিষয় অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) পার্থ চক্রবর্তী জানান, ২ টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ২টি লাশ কাছাকাছি জায়গা থেকে উদ্ধার করা হয়েছে। লাশের গায়ে কাদামাটি মাখানো ছিল। সুরতহাল করার পরে জানানো যাবে ও তদন্তের পরে এ বিষয় বিস্তারিত জানানো যাবে।
পড়ুন- ছুটি শেষে ঢাকা ফিরছে মানুষ, যাত্রীদের ভিড় কমলাপুর রেলস্টেশনে


