টি–টুয়েন্টি বিশ্বকাপের আগে বিবর্ণ সময় যাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দলের। অধিনায়ক নিগার সুলতানার ৭৭ রানের ইনিংসের পরও এডিনবরায় ত্রিদেশীয় সিরিজে রোববার (৩১ মে) নিজেদের দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসের কাছে ৮ রানে হেরেছে বাংলাদেশ। এর আগে গতকাল সিরিজে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ৮ উইকেটে হেরেছে বাংলাদেশের মেয়েরা।
আগে ব্যাট করে ৫ উইকেটে ১৬২ রান তোলে নেদারল্যান্ডস। দলের পক্ষে সর্বোচ্চ ৫২ রান করেন হিদার সিগার্স। ৪৩ বলে ৭ চারে সাজানো তার ইনিংসটি দলকে বড় সংগ্রহ গড়ার ভিত্তি এনে দেয়। এছাড়া ফিবি মলকেনবোয়ার ২৯, স্টেরে কালিস ২৮ এবং অধিনায়ক বাবেট ডি লিডে ৭ বলে ১৬ রানের ঝড়ো ইনিংস খেলেন।
বাংলাদেশের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন ফারিহা তৃষ্ণা। তিনি ৪ ওভারে ২৬ রান দিয়ে নেন ২ উইকেট। এছাড়া মারুফা আক্তার ও রাবেয়া খান একটি করে উইকেট শিকার করেন।
১৬৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। ১৩ রানেই হারায় দুই ওপেনার দিলারা আক্তার ও শারমিন আক্তারকে। এরপর জুয়াইরিয়া ফেরদৌস ২২ রান করে আউট হলে চাপে পড়ে দল।
সেখান থেকে অধিনায়ক নিগার সুলতানা একাই লড়াই চালিয়ে যান। ৫১ বলে ৭৭ রানের চমৎকার ইনিংস খেলেন তিনি। তার ইনিংসে ছিল ৭টি চার ও ১টি ছক্কা। তবে অন্য প্রান্ত থেকে পর্যাপ্ত সমর্থন না পাওয়ায় দলকে জয়ের বন্দরে পৌঁছে দিতে পারেননি তিনি।
নিগার ছাড়াও রিতু মনি ১৭, শর্ণা আক্তার ১০ এবং সোবহানা মোস্তারি ৮ রান করেন। শেষ দিকে দ্রুত কয়েকটি উইকেট হারানোয় ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ।
নেদারল্যান্ডসের হয়ে হিদার সিগার্স বল হাতেও উজ্জ্বল ছিলেন। তিনি ৪ ওভারে ৩৯ রান দিয়ে ৩টি উইকেট নেন। সিলভার সিগার্স শিকার করেন ২টি উইকেট। এছাড়া আইরিস জুইলিং, ইসাবেল ফন ডার ভোনিং ও ফ্রেডেরিক ওভারডাইক একটি করে উইকেট নেন।
ব্যাট ও বল; দুই বিভাগেই অবদান রেখে ম্যাচসেরা হওয়ার দাবি জোরালো করেন হিদার সিগার্স। তার অলরাউন্ড নৈপুণ্যেই শেষ পর্যন্ত ৮ রানের গুরুত্বপূর্ণ জয় পায় নেদারল্যান্ডস।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

