পাড়েরহাট মৎস্য অবতরণ কেন্দ্রে সংঘটিত হামলা ও এক মৎস্য ব্যবসায়ীকে অপহরণের ঘটনায় জড়িত সন্ত্রাসীদের পাশাপাশি তাদের আশ্রয়-প্রশ্রয়দাতাদেরও চিহ্নিত করার আহ্বান জানিয়েছেন পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন কুমার তালুকদার।
শনিবার (৩০ মে) দিবাগত রাতে দক্ষিণাঞ্চলের অন্যতম বৃহৎ মৎস্য বন্দর পাড়েরহাট মৎস্য অবতরণ কেন্দ্রে একদল সন্ত্রাসী মৎস্য ব্যবসায়ীদের ওপর হামলা চালিয়ে এক ব্যবসায়ীকে অপহরণ করে নিয়ে যায় বলে অভিযোগ ওঠে। ঘটনার পরিপ্রেক্ষিতে ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
সালাউদ্দিন তালুকদার কুমার বলেন, “এই সন্ত্রাসীদের বিরুদ্ধে পিরোজপুর জেলা ছাত্রদল জিরো টলারেন্স নীতি ঘোষণা করছে। সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে আমরা সব সময় সোচ্চার ছিলাম এবং ভবিষ্যতেও থাকব। বিগত ১৭ বছর স্বৈরাচারবিরোধী আন্দোলনে সাধারণ মানুষের ভালোবাসা ও সমর্থন নিয়ে আমরা রাজপথে ছিলাম। তাই জনগণের নিরাপত্তার প্রশ্নে কোনো আপস করা হবে না।”
তিনি অভিযোগ করে বলেন, “বিএনপি সরকারকে প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্যে একটি চক্র বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটিয়ে চলেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করবে বলে আমরা আশা করি।”
প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে জেলা ছাত্রদল সভাপতি বলেন, “যারা এসব সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে, তাদেরও খুঁজে বের করতে হবে। বিগত ২০ দিনের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করলে পিরোজপুর শহরের বিভিন্ন অপরাধী চক্র, তাদের কার্যক্রম এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া সম্ভব।”
তিনি আরও বলেন, “সম্প্রতি একজন প্রবীণ রাজনৈতিক নেতার ওপর হামলার ঘটনাও উদ্বেগজনক। এ ধরনের ধারাবাহিক সহিংসতা আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য হুমকি। প্রশাসনকে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নিতে হবে।”
সালাউদ্দিন তালুকদার কুমার বলেন, “সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলা হবে। প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করলে অপরাধীরা কোনোভাবেই পার পাবে না।”
তিনি প্রশাসনকে পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে বলেন, “আইনের শাসন প্রতিষ্ঠা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।”
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

